ভারতের সঙ্গে ঋণচুক্তি বাতিলের দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে সই হওয়া ১০০ কোটি ডলারের (প্রায় সাত হাজার কোটি টাকা) ঋণচুক্তি বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তারা বলেছে, ১০০ কোটি ডলার ঋণচুক্তির মাধ্যমে সরকার ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ব্যাংকগুলোর চেয়ে সাতগুণ বেশি সুদে এই ঋণ নেওয়া হয়েছে।আজ রোববার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, এই ঋণচুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা আপত্তি জানিয়েছেন। বিশিষ্ট অর্থনীতিবিদেরা এ চুক্তিকে অন্যায়, অসম ও একতরফা বলে মন্তব্য করেছেন। এর চেয়েও সহজ শর্তে অভ্যন্তরীণ খাত বা অন্য কোনো ঋণদানকারী সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করা যেত। কিন্তু সেদিকে না গিয়ে বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অন্যায্য শর্তে ভারত থেকে ঋণ গ্রহণ করেছে।জামায়াত নেতা বলেন, এ ঋণ ব্যবহূত হবে ভারতকে বিভিন্ন ট্রানজিটের নামে করিডোর দেওয়ার অবকাঠামো নির্মাণের সুবিধার্থে। ঋণের টাকায় ১৪টি প্রকল্পে ব্যবহূত যন্ত্রপাতি ও উপকরণ ভারতের কাছ থেকে কিনতে হবে।বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন ব্যাংকের কাছ থেকে দশমিক ২৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে এ ধরনের ঋণ পাওয়া যেত। অথচ ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে এ ঋণ নিচ্ছে বাংলাদেশ। এর অর্থ হচ্ছে, আন্তর্জাতিক ব্যাংকগুলোর চেয়ে সাতগুণ বেশি সুদে এ ঋণ নেওয়া হচ্ছে।এ টি এম আজহার বলেন, ঋণের টাকায় বাংলাদেশ ১৪টি প্রকল্প বাস্তবায়ন করবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার উপযোগী সড়ক ও রেলপথ, নৌপথ, স্থলবন্দর ইত্যাদি তৈরি করা হবে প্রকল্পগুলোর আওতায়। এর অর্থ হচ্ছে, বাংলাদেশের জনগণের টাকায় ভারত তাদের স্বার্থে এ কাঠামোগুলো তৈরি করে নেবে বর্তমান সরকারের হাত দিয়ে।জামায়াত নেতা আরও বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে যে অমর্যাদাকর ঋণচুক্তি সই করেছে, তা দেশের জনগণ মেনে নেবে না। তিনি এই ঋণচুক্তি বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে তা বাতিল করতে বাধ্য করবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।