ভারতের সঙ্গে ঋণচুক্তি সমর্থন করলেন শেখ হাসিনা
ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তিটি সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই টাকা দেশের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হবে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।আবুল কালাম আজাদ আরও জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ভারতের সঙ্গে এই ঋণচুক্তিকে গোলামি চুক্তি বলে দাবি করার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে এই ঋণচুক্তির ফলে দেশের মানুষ উপকৃত হবে, এ কারণেই বিএনপি এর বিরোধিতা করছে।সরকারে থাকার সময় ভারতের সঙ্গে পাঁচ শতাংশ সুদে ১৫ বছরের ঋণচুক্তি এবং বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের জন্য ৪ দশমিক ৫ শতাংশ সুদে আরও একটি ঋণচুক্তি করেছিল বিএনপি। বিএনপির শাসনামলে করা এই ঋণচুক্তিগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্র্রী বলেছেন, ‘তারাও ভারতের সঙ্গে দুই দফা ঋণচুক্তি করেছিল, কিন্তু গঙ্গার পানিবণ্টন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরা যখনই দেশের উন্নয়নের জন্য কাজ করি, তখনই বিএনপি বিরোধিতা করে।’রেলওয়ে অবকাঠামো উন্নয়ন, আশুগঞ্জ নদীবন্দরের আধুনিকীকরণ, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পণ্য বহনে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট করার লক্ষ্যে নতুন রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ ১৪টি প্রকল্পে এই টাকা ব্যবহার করা হবে বলে জানান প্রেস-সচিব। সূত্র: ইউএনবি