ভারতের সঙ্গে করা চুক্তি ও ইশতেহার বাস্তবায়ন করতে দেবে না বিএনপি: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমদ বলেছেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতের সঙ্গে করা চুক্তি ও ইশতেহার বাস্তবায়ন করতে দেবে না বিএনপি। ভারতের সঙ্গে করা এ চুক্তি ও ইশতেহারে বাংলাদেশের কোনো লাভ হবে না, তাই চুক্তি বাস্তবায়নের কোনো প্রশ্নই ওঠে না। আজ শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি রাবেয়া সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, সংসদের বিরোধীদলীয় হুইপ জয়নাল আবদীন ফারুক প্রমুখ।কবরে জিয়াউর রহমানের মৃতদেহ আছে কি না, সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য কলঙ্কজনক। সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেওয়া ঠিক নয়।প্রধানমন্ত্রীর সমালোচনা করে সেলিমা রহমান বলেন, জিয়াউর রহমান সারা বাংলার জনগণের মনে রয়েছে। তাঁকে সেখান থেকে সরানো যাবে না।