কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিগগির ভারত সফরে যাচ্ছে। দুই দেশের কৃষি প্রযুক্তি বিনিময় করার লক্ষ্যে দুই দেশের কৃষি বিজ্ঞানীরাও আলোচনায় বসবেন। কৃষির ক্ষেত্রে দুই দেশ এখন থেকে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে। ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের সঙ্গে আজ শুক্রবার মতিয়া চৌধুরীর বৈঠকে এসব সিদ্ধান্ত ও মতৈক্য হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে মতিয়া চৌধুরী বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এবং শারদ পাওয়ার ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খরা, বন্যা ও লবণাক্ততাসহিষ্ণু ধানের জাত নিয়ে দুই দেশের কৃষি বিজ্ঞানীরা একত্রে কাজ করবেন বলেও বৈঠকে মতৈক্য হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, ভারতের বেশ কিছু এলাকার সঙ্গে বাংলাদেশের জলবায়ু ও পরিবেশের মিল রয়েছে। এই এলাকাগুলোতে ধান, গম, ডাল ও সবজির উৎপাদন বাড়াতে এখন থেকে দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশ বৈরী প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারে, এমন ফসলের জাত ও জার্মপ্লাজম বিনিময় করবে। অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহ বাড়ানোর জন্য ভারতের কৃষিমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় আলোচনা হবে। বৈঠক শেষে শারদ পাওয়ার সাংবাদিকদের বলেন, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে বাংলাদেশের মতোই লবণাক্ততা, খরা ও বন্যার সমস্যা রয়েছে। বাংলাদেশের উপকূলসহ অন্যান্য অঞ্চলও এসব সমস্যা মোকাবিলা করছে। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক তৈরি হলে এই সমস্যাগুলো একত্রে মোকাবিলা করা যাবে। বৈঠকে ভারতের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা পাওয়ার, মহারাষ্ট্রের গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী জয়ন্ত পাতিল, উচ্চতর প্রযুক্তি শিক্ষাপ্রতিমন্ত্রী রাজেশ টপি। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন কৃষি সচিব সি কিউ কে মোস্তাকসহ কৃষি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।