কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগির ভারত সফরে যাচ্ছে। দুই দেশ কৃষি প্রযুক্তি বিনিময় করবে। এ জন্য দুই দেশের কৃষি বিজ্ঞানীরাও আলোচনায় বসবেন। কৃষির ক্ষেত্রে দুই দেশ এখন থেকে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে। ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের সঙ্গে আজ শুক্রবার মতিয়া চৌধুরীর বৈঠকে এসব সিদ্ধান্ত ও মতৈক্য হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে মতিয়া চৌধুরী বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এবং শারদ পাওয়ার ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। খরা, বন্যা ও লবণাক্ততাসহিষ্ণু ধানের জাত নিয়ে দুই দেশের কৃষি বিজ্ঞানীরা একত্রে কাজ করবেন বলেও বৈঠকে মতৈক্য হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, ভারতের বেশ কিছু এলাকার সঙ্গে বাংলাদেশের জলবায়ু ও পরিবেশের মিল রয়েছে। এই এলাকাগুলোতে ধান, গম, ডাল ও সবজির উত্পাদন বাড়াতে এখন থেকে দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশ বৈরী প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন ফসলের জাত ও জার্মপ্লাজম বিনিময় করবে। বৈঠকে ভারতের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা পাওয়ার, মহারাষ্ট্রের গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী জয়ন্ত পাতিল, উচ্চতর প্রযুক্তি শিক্ষা প্রতিমন্ত্রী রাজেশ টপি। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাকসহ কৃষি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত্: শারদ পাওয়ার আজ সকালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করেন। মিরপুরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাত্কালে তিনি অধ্যাপক ইউনূস উদ্ভাবিত সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।শারদ পাওয়ারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রতিভা পাওয়ার, কন্যা সুপ্রিয়া সুলে, মহারাষ্ট্রের দুই প্রতিমন্ত্রী জয়ন্ত পাতিল ও রাজেশ অঙ্কুশরাও টপি।