সংসদে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী
ভারতের সঙ্গে গোপন চুক্তি করিনি, জানলে জনসমক্ষে প্রকাশ করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ‘ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি করিনি। গোপন চুক্তির প্রশ্নই ওঠে না। দেশের স্বার্থ সমুন্নত রেখে মন্ত্রিপরিষদের অনুমোদন নিয়ে প্রকাশ্যে এ চুক্তি হয়েছে।’ বিরোধী দলের প্রতি উদ্দেশ করে বলেন, ‘কী গোপন চুক্তি আমরা করেছি, তা জানলে ওনারা (বিরোধী দল) জনসমক্ষে প্রকাশ করে দিক। ক্ষমতায় থাকলে ভারতপ্রীতি আর না থাকলে ভারতবিরোধী নীতিতে বিরোধী দল বিশ্বাস করে। কিন্তু বাংলাদেশের মানুষের মানসম্মান রক্ষা করে এবং আমাদের সব স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে চুক্তি করেছি।’জাতীয় সংসদে আজ বুধবার স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রেওয়াজ অনুসারে সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান লিখিতভাবে প্রশ্নটি করলেও তিনি অনুপস্থিত থাকায় ফজলুল আজিম প্রশ্নটি উত্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে বিরোধী দল মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে তাদের কাজ এটাই। কারণ, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেত্রী যখন ভারত সফরে যান, তখন কিন্তু গঙ্গার পানি সমস্যার কথা বলতে ভুলেই গিয়েছিলেন। আমরা কিন্তু তা করিনি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই গঙ্গার পানিবণ্টন চুক্তি করেছি। বাকি সমস্যাগুলোও এবার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন আজ বিকেল তিনটায় শুরু হয়েছে। গত ৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়।