ভারতের সঙ্গে গোপনে দেশবিরোধী চুক্তি করছে সরকার: বিএনপি
ভারতের সঙ্গে গোপনে দেশবিরোধী চুক্তি করছে সরকার। এসব চুক্তি সম্পর্কে সাংসদসহ কাউকে কিছু জানানো হচ্ছে না। বিরোধী দল দূরের কথা, সরকারি দলের সাংসদদেরও চুক্তির বিষয়ে কিছু জানানো হচ্ছে না। বাংলাদেশের পক্ষে একজন অনির্বাচিত ব্যক্তিকে দিয়ে এক মাস ধরে সরকার এসব কাজ করাচ্ছে।আজ মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাহাবুব উদ্দিন খোকন। বিএনপির সাংসদদের পক্ষ থেকে এ ব্রিফিং করছেন বলে জানান তিনি।মাহাবুব উদ্দিন খোকন বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা স্মারক করা হলে বিএনপি তা মেনে নেবে না। আর এ জন্য তিনি ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি কিংবা সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশের দাবি জানান।প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে তিনটি চুক্তি, সাতটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দুঃখের বিষয় হলো, এসব কোনোটির বিষয়েই দেশবাসী কিছু জানে না।লিখিত বক্তব্যে বলা হয়, ‘চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভায় অনেকবার আমরা জানতে চেয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। আমরা জানতে চাই, দেশের স্বার্থেই চুক্তিগুলো হলে এত গোপনীয়তা কেন?’ সরকারের এ রকম গোপনীয়তাকে ‘অস্বচ্ছ ও গণতন্ত্রের রীতিনীতিপরিপন্থী ’ বলে মন্তব্য করেন তিনি।মাহাবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, প্রটোকলের আড়ালে ট্রানজিট ও বন্দরসুবিধার নামে সরকার ভারতকে করিডর দেওয়ার সম্মতিপত্র ও ইন্দিরা-মুজিব চুক্তির আদলে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট—এ দুটি দেশের স্বার্থ বিকিয়ে দেবে।এ ধরনের কোনো চুক্তি না করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করে মাহাবুব উদ্দিন খোকন বলেন, এ রূপ চুক্তি ও সমঝোতা হলে বিএনপি ও দেশের জনগণ তা মেনে নেবে না।বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছেন নির্বাচিত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সেসব চুক্তি করার সব দায়িত্ব দিয়েছেন অনির্বাচিত একজন উপদেষ্টার কাছে।’