ভারতের সঙ্গে চুক্তি সংসদে অনুমোদন করার দাবি: সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়া দরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে যেসব চুক্তি ও স্মারক স্বাক্ষর হয়েছে, সংসদে তার অনুমোদন হওয়া জরুরি। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক—সব বিষয় নিয়েই সংসদে আলোচনা হওয়া দরকার। আর সাংসদদের জন্য একটি আচরণবিধি থাকা জরুরি।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সংসদের কার্যকারিতা ও সংসদ সদস্যদের দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশে জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে নানা দুর্বলতার কথা উঠে আসে বক্তাদের আলোচনায়। তাঁরা সাংসদদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযমী হওয়ার পরামর্শ দেন।সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বলা হয়, এবার সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটি গঠিত হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব আছে, এমন ব্যক্তিরাও কমিটির সদস্য বা সভাপতি হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সংসদীয় কমিটি তার এখতিয়ারবহির্ভূত কাজে লিপ্ত হয়েছে। সাম্প্রতিককালে কয়েকজন সাংসদের আচরণ নিয়ে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত পীড়াদায়ক। বিধি লঙ্ঘন করে ১৫ জন সাংসদ শুধু সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা সদস্যই হননি, মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় ১৮ জন প্লটও নিয়েছেন। মিথ্যা বলা নৈতিক স্খলনজনিত গুরুতর অপরাধ, হলফ করে মিথ্যা বলা দণ্ডনীয় অপরাধ। কিন্তু সংসদ ও সাংসদদের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।প্রধান অতিথির বক্তব্যে সুজনের সভাপতি মোজাফ্ফর আহমেদ বলেন, ‘সংবিধানে বলা আছে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে, মন্ত্রিপরিষদের হাতে নয়। অর্থাত্ সবাই প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ, সংসদের কাছে নয়। আমরা এটার পরিবর্তন চাই। সবাই যেন সংসদের কাছে দায়বদ্ধ থাকেন।’পুলিশের সাবেক মহাপরিচালক এ এস এম শাহজাহান আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন।