ভারতের সঙ্গে চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশবিরোধী বলে দাবি করেছে বিএনপি। ‘দেশ ও জনগণের স্বার্থে’ এই চুক্তির বিরুদ্ধে দলটি কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় বিএনপির নবগঠিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এ তথ্য জানান।চুক্তির প্রতিবাদে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি বলেন, ‘এটা আমাদের বাঁচা-মরার প্রশ্ন। বিএনপি এটাকে হালকাভাবে নিচ্ছে না। এর প্রতিবাদে কী করা হবে, বিএনপির চেয়ারপারসন শিগগিরই তা জাতির সামনে তুলে ধরবেন।’দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক বসে রাত সাড়ে নয়টায়। বৈঠকে উপস্থিত ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহাবুবুর রহমান, হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মইন খান, রফিকুল ইসলাম মিয়া ও সালাউদ্দিন কাদের চৌধুরী।বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং করা হয়নি।স্থায়ী কমিটির বৈঠকের আগে চেয়ারপারসন বিএনপিপন্থী বুদ্ধিজীবী সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা ও এমাজউদ্দিন আহমদ এবং সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন।প্রসঙ্গত, গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে সন্ত্রাস দমনসহ তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মরক সই হয়।