ভারতের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে বিএনপি।একই সঙ্গে মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের মাধ্যমে ভারতের সঙ্গে বিএনপির দূরত্ব কমানো ও সম্পর্ক উন্নয়নের চেষ্টাও থাকবে বলে দলটির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।আগামীকাল বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিএনপির নীতিনির্ধারকেরা বৈঠকের সম্ভাব্য আলোচ্য বিষয় ঠিক করেছেন। তা আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাবে বিএনপি। দুটি দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান ও বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধান চাওয়া হবে।বিএনপির অন্য কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, নানা কারণে ভারতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠকে এই দূরত্ব কমিয়ে আনার চেষ্টা থাকবে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে দলীয় অবস্থানও পরিষ্কার করা হবে।এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি ভারতের সঙ্গে সব সময় সুসম্পর্ক চায়। তবে তা হতে হবে সমস্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে। পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকলে দুটি দেশই অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে লাভবান হবে।বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মনমোহনের সঙ্গে বৈঠকে পানির ন্যায্য হিস্যা, ৫৪টি অভিন্ন নদীর পানির সমবণ্টন, সীমান্তে মানুষ হত্যা বন্ধ, সমুদ্রসীমা নির্ধারণ, বাণিজ্যে ভারসাম্য দূর, বাংলাদেশের পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের নিশ্চয়তা, ছিটমহল সমস্যার সমাধান, বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ভারতে দেখানোর দাবির কথা জানাবে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছে বিএনপি। ভারত-সম্পর্কিত কোনো স্পর্শকাতর বিষয়ে যত্রতত্র বক্তব্য না দিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। একই সঙ্গে ভারত-সম্পর্কিত বিষয়ে দলীয় মুখপাত্র মির্জা ফখরুল ইসলামের বাইরে আর কাউকে কোনো বক্তব্য না দিতে বলা হয়েছে।