ভারতের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকুক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় চাই, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব অটুট থাকুক। প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতেই পারে; কিন্তু সেসব সমস্যার যে সমাধান করা সম্ভব, সেটা আমরা প্রমাণ করেছি।’আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বন্ধুত্বের হাত ধরে শুধু প্রতিবেশী দেশ নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সঙ্গেই বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়। দক্ষিণ এশিয়ার জনগণের সার্বিক অর্থনৈতিক কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘আমরা সীমান্ত দ্বারা বিভক্ত হতে পারি, কিন্তু অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, নীতি ও মূল্যবোধে এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার বন্ধনে আমরা আবদ্ধ।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।