ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য নিয়ে আলোচনার প্রস্তাব করেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছে চীন। এশিয়ার দুই বৃহত্ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য বৈষম্য দিন দিন বেড়ে যাওয়ার মুখে চীন ভারতকে এই প্রস্তাব দিল। চীন-ভারত বাণিজ্য বর্তমানে একতরফাভাবেই চীনের পক্ষে রয়েছে। এ দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বিপুল অঙ্কের।বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠায় দ্রুত বর্ধিষ্ণু এ দুটি অর্থনৈতিক শক্তির দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি বছর অন্তত ছয় হাজার কোটি ডলারে দাঁড়াবে বলে আশা করছেন চীনা কর্মকর্তারা। তবে ভারতের কর্মকর্তারা জানান, গত বছর দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল এক হাজার ৬০০ কোটি ডলার।ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ইয়ান ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মতো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথ তৈরি করতে চীন আগ্রহী। ঝাং ইয়ান আরও জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং উভয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের যাবতীয় সমস্যা দূর করতে উভয় দেশের চেষ্টা অব্যাহত রাখা উচিত।বাণিজ্যের সম্প্রসারণ আরও বৃদ্ধি ও ভারসাম্যহীনতা দূর করতে হিমালয়ের পাদদেশের দেশগুলোর যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।বর্তমান বছরগুলোতে এ দুটি দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ভারত অন্তত ৭০ শতাংশ কাঁচামাল চীনে রপ্তানি করে থাকে; এর বিপরীতে উচ্চমূল্যের জিনিসপত্র তুলনামূলক কম দামে চীন থেকে আমদানি করে থাকে—যা দেশটির ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।তবে ভারতে উত্পাদিত পণ্যের জন্য চীনের বাজার খুলে দেওয়া ও অন্যান্য শুল্ক বাধা দূর করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ভারত অভিযোগ করেছে চীনে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে তাদের কর ও যোগাযোগসংক্রান্ত বাধার মুখে পড়তে হয়। চীন ভারত থেকে তথ্যপ্রযুক্তি, বলিউডের চলচ্চিত্র, টাটকা খাবার ইত্যাদি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। নয়াদিল্লি বেইজিংয়ের প্রতি এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।এদিকে ভারতের পররাষ্ট্রবিষয়ক জ্যেষ্ঠ মুখপাত্র বিষ্ণু প্রকাশ চীনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমরা চীনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ ভারত ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও আশিয়ানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এ ছাড়া বর্তমানে তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চীন আশিয়ান, পাকিস্তান, চিলি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও পেরুর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে।চলতি বছর ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সম্ভাব্য চীন সফরের আগে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণের চীন সফরের সময় উভয় দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।— ফিন্যান্সিয়াল টাইমস