ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক আগে যে রকম ছিল, এখনো তা-ই আছে। এই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে ভারত সফর শেষে দেশে ফেরার তিন দিন পর গতকাল মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তরিকুল ইসলাম।এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারব না, ভারতকেও আমাদের নিয়ে থাকতে হবে। আমাদের নাগরিক অধিকার ও ন্যায্যপ্রাপ্তির যে কথাগুলো আমরা এত দিন মাঠে-জনসভায় বলতাম, এ সফরে সেগুলো সরাসরি তুলে ধরেছি।’লিখিত বক্তব্যে বলা হয়, এ সফরে আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যাবলি নিরসন ও সহযোগিতার এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। খালেদা জিয়াকে রাষ্ট্রনায়কোচিত সম্মান, মর্যাদা ও আতিথেয়তা দিয়ে বাংলাদেশের মানুষের অনুভূতির প্রতিই শ্রদ্ধা দেখিয়েছে ভারত সরকার।লিখিত বক্তব্যে বলা হয়, তিস্তা নদীর পানিবণ্টনসহ অভিন্ন অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যার বিষয় ভারতীয় নেতাদের কাছে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। টিপাইমুখ বাঁধ নির্মাণের পর এর ক্ষতি নির্ণয়ের জন্য দুই দেশের গ্রহণযোগ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ সমীক্ষা প্রতিবেদনের আগ পর্যন্ত এই বাঁধ নির্মাণকাজ বন্ধ রাখার আহ্বান জানান তিনি। দুই দেশের বাণিজ্য-বৈষম্য কমাতে ভারতের প্রায়-শুল্ক ও অ-শুল্ক বাধা তুলে নেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছার ব্যাপারে একমত হন ভারতীয় নেতারা।এ ছাড়া খালেদা জিয়া সীমান্ত হত্যা ও নির্যাতন পুরোপুরি বন্ধের আহ্বান জানালে ভারতীয় নেতারা এ বিষয়ে অবিলম্বে যৌথ কার্যকর ব্যবস্থা উদ্ভাবন ও প্রয়োগে কথা দিয়েছেন। কনসোর্টিয়ামের ভিত্তিতে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন ও ভারতকে অংশীদার হওয়ার এবং হিমালয় অববাহিকার দেশগুলোর সমন্বয়ে একটি পানি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন খালেদা জিয়া।বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসছে—ভারতের নেতারা এমন কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, এ প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘এসব কথা তাঁরাও বলেননি, আমরাও এগুলো নিয়ে আলোচনা করিনি। আমাদের অধিকার ও ন্যায্যপ্রাপ্তির যে কথাগুলো সব সময় বলেছি, সেগুলোই আমরা ভারতীয় নেতাদের কাছে তুলে ধরেছি।’বলা হচ্ছে, ভারত সফরে আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা ভেস্তে গেছে। ভারতের কোনো নেতার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে তরিকুল বলেন, ‘একদলীয় নির্বাচনের চিন্তা এমনিতেই ধূলিসাৎ হতে বাধ্য। ভারত, চীন, রাশিয়া নয়; জনগণই ধূলিসাৎ করবে। ব্যক্তিগতভাবে অনেকে অভিজ্ঞতার আলোকে মতামত দিতে পারেন। তবে এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’বিএনপি অতীতে বলেছে, বর্তমান সরকার ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছে, সফরে এমন কিছু উদ্ঘাটিত হয়েছে কি না, এ বিষয়ে তরিকুল বলেন, ‘কী গোপন চুক্তি হয়েছে, তারা আমাদের নির্বাচন নিয়ে কী ভাবছে, আমরা তাদের নির্বাচন নিয়ে কী ভাবছি; এসবের মধ্যে আমরা যাইনি। যেসব কারণে সাধারণ মানুষের মধ্যে ভারতের বিষয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে, সেসব ন্যায্য অধিকারের কথা আমরা দলীয়ভাবে তাদের জানিয়েছি।’ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি আগে ব্যবহার করতে দেওয়ার স্বীকারোক্তি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এর জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সুন্দর বলেন, কিন্তু কী বলেন, তা নিজেও জানেন না। খালেদা জিয়া তো এটাও বলেছেন, একইভাবে ভারতের মাটিও যেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার না হয়।’অতীতে বিএনপিকে সব সময় ভারতবিরোধী একটা অবস্থানে দেখা গেছে। এখন কি এই অবস্থান থেকে বিএনপি সরে এসেছে? প্রশ্ন শেষ হওয়ার আগেই তরিকুল বলেন, ‘কী কারণে, আচ্ছা, আপনি আপনার পিতার কাছে কোনো কিছু দাবি করছেন, তাতে কি পিতার বিপক্ষে চলে গেলেন? আমার বর্ডারে মানুষ মারা যাচ্ছে, আমি পানি পাচ্ছি না, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হবে, আমি বলতেও পারব না! বললেই ভারতবিরোধী হয়ে যাব? আর ভারতবিরোধী হয়ে আমরা কি ভারতের জনগণের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি?’ভারতের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পাওয়ায় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ প্রশ্নে তরিকুল বলেন, ‘জামায়াত ভারতবিরোধী অবস্থান নিয়ে থাকলে সেটা তাদের নিজস্ব বিষয়। জোটের সঙ্গে যখন থাকবে, তখন আমরা দেশ ও জাতির স্বার্থে যে অবস্থান নেব, তাতে জামায়াতের আপত্তি থাকবে না বলে মনে করি।’কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ার কারণ জানতে চাইলে তরিকুল বলেন, প্রথমত, আগে থেকেই সফরসূচিতে সাক্ষাতের কথা ছিল না। দ্বিতীয়ত, সোনিয়া না চাইলে কি এ ধরনের সফর, সংবর্ধনা দেওয়া হয়েছে? তাঁর পরামর্শ ও ইচ্ছা ছাড়া এ ধরনের সফর হতে পারে না।আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করিনি। বৃহত্তর কানেকটিভিটির কথা বলেছি।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও মারুফ কামাল খান প্রমুখ।