ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে হবে। আর সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের স্বার্থ ঠিক রেখে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সমস্যা আছে, সমস্যা থাকবে। কিন্তু সমাধানও অব্যাহতভাবে করে যেতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আগে মাকড়সার জাল দেখা যেত। বর্তমান সরকার ক্ষমতায় এসে এই জাল সরিয়ে ইস্যুগুলোকে সামনে এনেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তিনি বলেন, অনেক অর্জন আছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেক সাফল্য রয়েছে। কিন্তু যা হয়েছে তা নিয়ে আমরা কথা বলছি না, যা হয়নি তা নিয়েই কথা বলছি। পররাষ্ট্রসচিব বলেন, তিস্তা চুক্তি না হওয়ার মানে এই নয় যে এটা ভবিষ্যতে হবে না। একটি সফরের মধ্য দিয়েই এ সম্পর্ক বিবেচনা করলে চলবে না। এটা অব্যাহত প্রক্রিয়া। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতের নাগা, মিজোরামসহ বিভিন্ন রাজ্যের বিদ্রোহীদের প্রশিক্ষণ ও সহায়তা দিত। তারা বাংলাদেশের ভেতর থেকে ভারতে অভিযান চালাত। তখন ওই বিদ্রোহ মোকাবিলায় ভারত সরকারের বছরে ৫০ হাজার কোটি রুপি খরচ হতো। ফলে ভারতের খরচ বেচে গেছে। তাই ভারত সরকার বাংলাদেশের উন্নয়নে ১০ থেকে ১৫ হাজার কোটি রুপি খরচ করলে দেশটির ক্ষতি নয়, লাভই হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসে এসব বিদ্রোহী ক্যাম্পগুলোকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে।দুই দিনের ওই সম্মেলনে পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক স্পিকার হাশিম আবদুল হালিমের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দিচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপতীর ভট্টাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ষোড়শী মোহন দা বক্তব্য দেন।