ভারতের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব চায় জনগণ
বাংলাদেশ ও ভারত নিছক প্রতিবেশী মাত্র নয়। এমন আর দুটি রাষ্ট্র পৃথিবীতে নেই, যাদের জাতীয় সংগীত একই কবির রচনা। দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকার হাজার হাজার বছরের। একই জাতিসত্তার মানুষ দুই দেশের নাগরিক। তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য— স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও—মোটের ওপর এক। একাত্তরে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে, তখন ভারত-বাংলাদেশ সম্পর্কে এক নতুন যুগের সূচনা হয়।অভিন্ন ইতিহাস-ঐতিহ্য আর জাতীয় স্বার্থ দুই বিষয়। যে দুই প্রতিবেশীর মধ্যে অভিন্ন সীমান্ত এবং যে দুই দেশের মধ্যে অভিন্ন নদনদী প্রবাহিত, সেখানে তাদের মধ্যে সময় সময় কিছু সমস্যাও দেখা দিতে পারে এবং দেখা দেওয়াই স্বাভাবিক। তাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততার সৃষ্টি হওয়াও অস্বাভাবিক নয়। প্রতিটি রাষ্ট্রের সরকারই তাদের নিজ নিজ জাতীয় স্বার্থ বড় করে দেখবে, সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু সমস্যা দীর্ঘদিন থেকেই রয়েছে। দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের দায়িত্ব দুই দেশের সরকারের। সেখানে রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, কূটনীতিবিদ ও কর্মকর্তাদের ভূমিকাই প্রধান। কিন্তু দুই দেশের সাধারণ মানুষ ও নাগরিক সমাজের আবেগ-অনুভূতির প্রতিফলন যদি না ঘটে সরকারের নীতি প্রণয়নে ও কর্মকাণ্ডে, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক টেকসই হয় না। সমস্যাও দূর হয় না।অভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য ও বন্ধনের কারণে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চেয়ে ভালো। দুই দেশের লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের মধ্যে সম্পর্ক চমৎকার। কিন্তু তাঁদের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠতা সৃষ্টিতে অবাধে যাতায়াতের যে সুযোগ থাকা আবশ্যক, দুই দেশের কর্মকর্তাদের আচরণ কখনো কখনো সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুই দেশের নাগরিকদের ভিসা পাওয়ার বিধান সহজতর হওয়া দরকার।অনন্তকাল দ্বিপক্ষীয় সম্পর্ক একই রকম থাকে না। কোনো বিশেষ দল বা বিশেষ নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থায়ীভাবে গড়ে দিতে পারেন না; শক্ত ভিত্তি তৈরি করতে পারেন। দ্বিপক্ষীয় সম্পর্ক পরিবর্তনশীল। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ওঠানামায় বিশেষ বিশেষ নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। একটি উদাহরণ আমরা দিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন, তখন গঙ্গার পানি চুক্তির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইতিবাচক ভূমিকা পালন করেন। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অবশ্য ভিন্ন অবস্থানই দেখা যাচ্ছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জ্যোতি বসুর ভূমিকা ছিল খুবই অকপট ও স্পষ্ট। বাংলাদেশের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাঁর মৃত্যুর পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরাও গিয়েছিলাম। অথচ জ্যোতি বসু তাঁর নিজের রাজ্যের স্বার্থ একবিন্দুও বিসর্জন দেননি।বাংলাদেশের মূলধারার শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক-বুদ্ধিজীবীরা শুধু নন, সাধারণ মানুষও যে ভারতের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব চায়, তা তারা গত নির্বাচনে জানিয়ে দিয়েছে। শেখ হাসিনার মহাজোট সরকারের সব দল ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। গত তিন বছরে ভারতের দাবি পূরণে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, বেদনার বিষয়, তার প্রতিদান পাওয়া যায়নি। অতীতে বাংলাদেশের কোনো কোনো সরকার পূর্ব ভারতের রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী গ্রুপের পলাতক নেতা-কর্মীদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে প্রশ্রয় দিয়েছে, বর্তমান সরকার সে ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিস্তার পানি বণ্টন চুক্তি করা সম্ভব হয়নি, হয়নি সীমান্ত চিহ্নিতকরণ ও ছিটমহল আদান-প্রদান, বন্ধ হয়নি সীমান্তে হত্যাকাণ্ড। ভারত এবং দুই দেশেরই নিরাপত্তার স্বার্থে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। অন্যদিকে ভারতের কোনো আচরণ বা পদক্ষেপে বাংলাদেশের মানুষের মধ্যে যদি কোনো ক্ষোভের সৃষ্টি হয়ে থাকে, যদি তাদের মনে অভিমানের জন্ম হয়ে থাকে, তা দূর করা ভারতের কর্তব্য।বাংলাদেশের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে কী ধরনের সম্পর্ক গড়ে উঠবে, তা দুই দেশের নীতিনির্ধারকদের বিবেচনার বিষয়। কিন্তু সরকারের বাইরে নাগরিক সমাজ থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। প্রচারমাধ্যম ও শিল্প-সাহিত্যের মানুষকে এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থে।বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আজ এক সন্ধিক্ষণে। এই মুহূর্তে দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করতে এক নতুন অধ্যায় রচনার দায়িত্ব দুই দেশের নেতা ও নাগরিক সমাজের ওপর অর্পিত হয়েছে। দুই দেশের মধ্যে এমন এক বন্ধুত্বের অধ্যায় রচিত হওয়া প্রত্যাশিত, যার সুফল ভোগ করবে দুই দেশের জনগণ বহুকাল।সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।