ভারতের সঙ্গে হৃদ্যতা বাড়াবেন নওয়াজ
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করার আন্তরিক মনোভাব ব্যক্ত করেছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী পিএমএল-এনের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।দেশটিতে গত শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়ী হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল (এন)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মধ্য-ডানপন্থী দলটিকে সরকার গঠনের জন্য জোট গড়তে হতে পারে। তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফ। চলতি সপ্তাহের শেষের দিকে শপথ নিতে পারেন গত দুবারের এই প্রধানমন্ত্রী।পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। একে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ৩৪২। এর মধ্যে ২৭২টি আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টির মধ্যে ৬০টি নারীদের ও ১০টি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। কাজেই সরকার গঠনের জন্য সরাসরি ভোট হওয়া ২৭২টির মধ্যে ১৩৭ আসন পেতে হবে।গতকাল রাত দেড়টা পর্যন্ত বেসরকারিভাবে মোট ২৬৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে নওয়াজের পিএমএল-এন পেয়েছে ১৩৩টি আসন। দ্বিতীয় অবস্থানে আছে সদ্য ক্ষমতা ছেড়ে যাওয়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপি পেয়েছে ৩৩টি আসন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ২৭টি আসন। ৭৩টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা। আর ছয়টি আসনে ফলাফল ঘোষণা বাকি আছে। প্রধান বিরোধী দল পিপিপি না পিটিআই, তা নির্ভর করছে অবশিষ্ট আসনের ফলাফলের ওপর।পাকিস্তানে সর্বশেষ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে ১৯৯৯ সালে। রক্তপাতহীন ওই অভ্যুত্থানে নওয়াজ শরিফের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় বসেন তত্কালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। নওয়াজকে নির্বাসনে পাঠানো হয় সৌদি আরবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে দুই মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রথমবার ১৯৯০ সালের ৬ নভেম্বর থেকে ১৯৯৩ সালের ১৮ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৯৭ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯৯৯ সালের ১২ অক্টোবর পর্যন্ত। নির্বাসন থেকে ২০০৭ সালে দেশে ফিরে পরের বছর সাধারণ নির্বাচনে অংশ নেন নওয়াজ। ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে পিপিপি।নির্বাচনে জয়ের আভাস পেয়ে গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নওয়াজ বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার আগে নয়াদিল্লির সঙ্গে বিদ্যমান বিবাদ নিরসনে কঠোর পরিশ্রম করেছেন তিনি।নওয়াজ বলেন, ‘আমরা যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, কাশ্মীরসহ দুই দেশের মধ্যে বিবদমান অমীমাংসিত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানে আমরা এগিয়ে যেতে চাই।’নির্বাচনের আগে নওয়াজ জানান, ক্ষমতায় গেলে মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা ও কারগিল যুদ্ধের দায়ভারের বিষয়ে তদন্ত করবেন তিনি। এ ব্যাপারে একটি সাক্ষাত্কারে নওয়াজ বলেন, ‘আমরা মুম্বাই হামলার বিষয়ে যৌথ তদন্ত করতে চাই। দুই দেশ একসঙ্গে বসতে চাই। পরস্পরের কাছে থাকা তথ্যপ্রমাণ বিনিময় করতে চাই।’ নির্বাচনের কিছুদিন আগে ভারতের সাংবাদিকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে নওয়াজ বলেন, একসময় দুই দেশ এক ছিল। ভারতের অমৃতসর তাঁর বাবার আদিভূমি। নওয়াজ বলেন, আমন্ত্রণ না জানালেও তিনি ভারত সফর করবেন। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকেরা আশা করছেন, কয়েক বছর ধরে নয়াদিল্লির সঙ্গে তিক্ত হয়ে ওঠা সম্পর্কের উন্নয়নের দিকটিতে সবচেয়ে গুরুত্ব দেবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ।