ভারতের সহজ জয়ে এখন জটিল সমীকরণ
পাকিস্তান: ১৯.৪ ওভারে ১২৮ভারত: ১৭ ওভারে ১২৯/২ফল: ভারত ৮ উইকেটে জয়ীতিন ওভার বাকি থাকতে ম্যাচ শেষ। জয়-পরাজয়ের ব্যবধান ৮ উইকেট! এই নাকি ‘ফাইনালের আগে ফাইনাল!’এটা তো বলা হচ্ছে ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তির কথা। ম্যাচ তো শেষ আসলে এক ইনিংস শেষেই। নাকি তারও আগে, দশম ওভারে পাকিস্তান যখন ৫ উইকেটে ৫৯। যে ম্যাচ নিয়ে এত উত্তেজনা, মাঠ ভরবে কি না সংশয় উড়িয়ে দিয়ে প্রেমাদাসার ঠাসা গ্যালারিতে তেরঙ্গা আর চাঁদতারার ওড়াউড়ি, সেটি কিনা হয়ে গেল টুর্নামেন্টের সবচেয়ে একপেশে ম্যাচগুলোর একটি!প্রথম দুই ওভারে পাকিস্তানের ২৬ রান আর ৫টি বাউন্ডারি। তখন কে ভাবতে পেরেছিল, সুপার এইটে সর্বনিম্ন স্কোরে শেষ হবে এই ইনিংস! পরের ২৬ রান করতে লাগল ৬.৫ ওভার! উইকেট পড়তে থাকল ঝরা পাতার মতো। টি-টোয়েন্টিতে দুই বল বাকি থাকতে অলআউট হয়ে যাওয়া সহজ ব্যাপার নয়!পাঁচ বোলারের নীতি থেকে সরে এসে শেবাগকে খেলালেন ধোনি। চার বোলারকেই যথেষ্ট প্রমাণ করে খণ্ডকালীন বোলাররা ৬ ওভারে ৩৭ রানে নিলেন ৩ উইকেট। হরভজনের বদলে দলে এসে ২২ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার হয়ে গেলেন লক্ষ্মীপতি বালাজি।পাকিস্তান অলআউট হয়ে গেছে বলেই একটা পরিসংখ্যান খুব বড় হয়ে উঠছে না। নইলে এটা তো রীতিমতো বিস্ময়কর যে, ইনিংসের ১১৮ বলের ঠিক অর্ধেকই ‘ডট’! ২৮ বলের ১৯টিই ‘ডট’ খেলে যাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন পাকিস্তান-অধিনায়ক! মোহাম্মদ হাফিজ এমনিতে খুব শক্ত চরিত্রের মানুষ। কিন্তু ভারত-পাকিস্তান এমনই ‘প্রেশার কুকার’ যে, হাফিজের চেয়ে অনেক শক্ত চরিত্রের মানুষও অতীতে সেদ্ধ হয়ে গেছেন। হাফিজও গেলেন। এটাকে শুধুই ‘আরেকটা ক্রিকেট ম্যাচ’ বলে দলের ওপর থেকে চাপটা হালকা করতে চেয়েছিলেন। দেখা গেল, তিনিই সবচেয়ে বেশি চাপে পিষ্ট! টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচটা বাদ দিলে পাকিস্তান-অধিনায়ক হিসেবে ভারতের মুখোমুখি হওয়া এই প্রথম। ২৮ বলে ১৫ রানের ইনিংসটার ব্যাখ্যা খুঁজতে গেলে এই তথ্যটাই বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। কে জানে, এটিই টুর্নামেন্টে পাকিস্তানের সবচেয়ে মরণযাত্রার ঠিকানা লিখে দিল কি না!সুপার এইটের এই গ্রুপটাকে বলা হচ্ছিল ‘মৃত্যুকূপ’। কাল ভারতের এমন দাপুটে জয়ে সেই নামের সার্থকতা প্রমাণিত। আগামীকাল গ্রুপের শেষ দুই ম্যাচের ওপর ঝুলছে এখন সুপার এইটের ভাগ্য। ২ ম্যাচে জয় এবং +১.৭১২ নেট রানরেটের কারণে অস্ট্রেলিয়া অনেকটাই নিশ্চিন্ত। দৌড়ে আছে বাকি তিনটি দলই। পাকিস্তান ও ভারতের পয়েন্ট সমান, নেট রানরেটও খুব কাছাকাছি (পাকিস্তানের মাইনাস দশমিক ৪২৬, ভারতের মাইনাস দশমিক ৪৫২)। দুই ম্যাচেই হারা দক্ষিণ আফ্রিকার মাইনাস দশমিক ৬০৫। কিন্তু আগামীকাল দক্ষিণ আফ্রিকা যদি ভারতকে হারিয়ে দেয় আর অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান—নেট রানরেটে উঠে যাওয়ার সুযোগ থাকছে তাদেরও। প্রথম ইনিংসে ১২৮ রানের পরও ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি মহিমার কথা স্মরণ করে যারা নাটকীয় কিছু আশা করছিলেন, ভারতীয় ইনিংসের প্রথম ওভারেই তারা আরও উত্সাহ পেয়েছিলেন। রাজা হাসানের দ্বিতীয় বলেই গম্ভীর আউট। স্কোরবোর্ডে তখন মাত্র ১ রান। শেবাগ ও কোহলির ৭৪ রানের জুটি অবশ্য খুব দ্রুতই ম্যাচের শরীর থেকে সব অনিশ্চয়তা মুছে ফেলল। উমর আকমল ৪২ রানে কোহলির ক্যাচটা নিতে পারলে অন্য কিছু হতো কি না, এটা শুধুই চায়ের কাপে ঝড় তোলার বিষয় হয়ে থাকল। বাস্তবতা হলো, ৬১ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে কোহলিই ম্যান অব দ্য ম্যাচ। তবে জনতার নায়ক বোধ হয় তিনি নন। তা দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় তাঁর সঙ্গী আরেক অপরাজিত ব্যাটসম্যান। যুবরাজ সিং এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আবেগময় গল্প। ক্যানসার জয় করে এত তাড়াতাড়ি মাঠে ফিরতে দেখে তাঁর ডাক্তাররাও নাকি অবাক। কিন্তু পেশাদার জগতের কঠিন বাস্তবতায় আবেগের বাষ্প উড়ে যেতে সময় লাগে না। এই ম্যাচের আগে যুবরাজকে নিয়ে তাই হাজারো প্রশ্ন উঠে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস নেই, ব্যাটিংয়ে ফুটে বেরোচ্ছে ম্যাচ প্র্যাকটিসের অভাব—রবি শাস্ত্রী ও সঞ্জয় মাঞ্জরেকারের মতো আরও অনেকে এই ম্যাচেই বসিয়ে দিতে বলেছিলেন তাঁকে। যুবরাজের ওপর তাই পাহাড়প্রমাণ চাপ ছিল। তবে করমর্দনের দূরত্বে থাকা মৃত্যুকে জয় করে ফেরা কারও কাছে ওই ‘চাপ-টাপ’ জাতীয় শব্দগুলোর কোনো অর্থ হয় নাকি! কালকের যুবরাজ আবার তাই ৫০ ওভারের বিশ্বকাপের সেই যুবরাজ। বোলিংয়ে পাঁঁচ বলের মধ্যে দুই উইকেট, পয়েন্টে দুর্দান্ত ফিল্ডিংয়ে একটা রানআউট। ব্যাটিংয়ে ১৬ বলে অপরাজিত ১৯ রান হয়তো খুব বেশি নয়। কিন্তু জয়সূচক রানটা যে তাঁর ব্যাট থেকেই এল, এটার একটা প্রতীকী অর্থ তো হয়ই।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ১৯.৪ ওভারে ১২৮ (হাফিজ ১৫, নাজির ৮, আফ্রিদি ১৪, জামশেদ ৪, কামরান ৫, শোয়েব ২৮, উমর ২১, আরাফাত ৮, গুল ১২, আজমল ১, রাজা ০*; জহির ০/২২, ইরফান ১/৩০, বালাজি ৩/২২, অশ্বিন ২/১৬, যুবরাজ ২/১৬, কোহলি ১/২১)। ভারত: ১৭ ওভারে ১২৯/২ (গম্ভীর ০, শেবাগ ২৯, কোহলি ৭৮*, যুবরাজ ১৯*; হাসান ১/২২, গুল ০/৩০, আজমল ০/২৫, আফ্রিদি ১/৩৪, আরাফাত ০/১১, হাফিজ ০/৭)।ফল: ভারত ৮ উইকেটে জয়ী। ম্যান অব ম্যাচ: বিরাট কোহলি।