ভারতের সাবেক টেলিকমমন্ত্রী এ রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৮ সালে টুজি বা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বণ্টনের সময় দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) বলছে, এ রাজাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।এ রাজার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে, ২০০৭ ও ২০০৮ সালে টু জি স্পেকট্রাম মোবাইল ফোনের লাইসেন্স বণ্টনের ক্ষেত্রে কয়েকটি টেলিকম সংস্থাকে বিশেষ সুযোগ দিয়েছেন। তবে গত সোমবারই টু জি স্পেকট্রাম বণ্টন কেলেঙ্কারি নিয়ে গঠিত এক সদস্যের তদন্ত কমিটি বর্তমান টেলিকম মন্ত্রী কপিল শিবালের কাছে যে প্রতিবেদন জমা দেন তাতে এ রাজা ও টেলিকম দপ্তরের সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দল ডিএমকের নেতা এ রাজা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ও বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, বুধবার সাবেক মন্ত্রী এ রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তাঁর ভাই এ কে পেরুমল এবং রাজার তৎকালীন একান্ত সচিব আর কে চান্ডোলিয়া এবং সাবেক টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরাকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআইয়ের মুখপাত্র আর কে গাউর বার্তা সংস্থা এএফপিকে জানান, এ রাজাকে পুলিশ সদর দপ্তরে নিয়ে বুধবার সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি দাবি করেন, সাবেক এই মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।টুজি মোবাইল ফোনের লাইসেন্স বণ্টনের সময় দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে গত নভেম্বরে এ রাজাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করা হয়। এই দুর্নীতির ফলে সরকারের চার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে । এএফপি।