ভারতের সাবেক মন্ত্রী সুখরামের ৫ বছরের কারাদণ্ড
তিন লাখ টাকা ঘুষ নেওয়ায় ভারতের সাবেক টেলিকম-মন্ত্রী সুখরামের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। আজ শনিবার দিল্লির আদালত এ আদেশ দেন। ১৯৯৬ সালে ঘুষের বিনিময়ে সুখরাম একটি বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ দেন। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সুখরামকে ‘দাগি অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা সুখরামকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।আদালতে ৮৬ বছর বয়সী সুখরাম বার্ধক্যের কারণে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সুখরামের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাঁর প্রতি ক্ষমা প্রদর্শনের কোনো সুযোগ নেই।উল্লেখ্য, পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় টেলিকম-মন্ত্রী ছিলেন সুখরাম। তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। অভিযোগে বলা হয়, ঘুষের বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান হরিয়ানা টেলিকম লিমিটেডকে (এইচটিএল) সুখরাম ৩০ কোটি টাকার কাজ দেন। প্রতিষ্ঠানটি টেলিকম বিভাগকে ৩ দশমিক ৫ লাখ কন্ডাক্টর কিলোমিটারের বিদ্যুত্ পরিবাহী পলিথিন ইন্স্যলেটেড জেলি ফিলড তার সরবরাহ করে।