ভারতের সাবেক সেনাপ্রধানের সব নিরাপত্তা বাতিল
ভারত সরকার সাবেক সেনাপ্রধান বিজয় কুমার সিং-কে দেওয়া সব নিরাপত্তা-সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ভি কে সিং নামে পরিচিত সাবেক সেনাপ্রধানকে ভারতের সর্বোচ্চ ‘জেড’ মাত্রার নিরাপত্তা-সুবিধা দেওয়া হতো।আজ বুধবার সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভি কে সিংকে গত নভেম্বর পর্যন্ত নিরাপত্তা-সুবিধা দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক পর্যালোচনা সভায় নিরাপত্তা দেওয়ার সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত হয়। কর্তৃপক্ষ বলছে, সাবেক সেনাপ্রধানের এ সুবিধার প্রয়োজন নেই। এ সিদ্ধান্ত সেনা সদর দপ্তরে পৌঁছানোর পর তাঁর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বুলেটপ্রুফ গাড়িসহ মোট সাতটি গাড়ি ও প্রায় ৩০-৩৫ জন নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়।ভি কে সিং এ বছরের ৩১ মে অবসরে যান। সে সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে অনুরোধ করেন, তাঁকে আরও নয় মাস দিল্লি সেনানিবাসে থাকতে দেওয়া হোক। এরপর তাঁকে এক বছর থাকার অনুমতি দেওয়া হয়েছিল। ১৬ ডিসেম্বর দিল্লির বাসে এক শিক্ষার্থী ধর্ষিত হলে এর বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হয়। ভি কে সিং এ আন্দোলনে যোগ দেন এবং সরকারের সমালোচনায় মুখর থাকেন। পরে দিল্লি পুলিশের দাখিল করা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আন্দোলনে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর ভি কে সিং সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কঠোর সমালোচনা শুরু করেন। এ ছাড়া তিনি লোকপাল বিল ও কালোটাকার দুর্নীতির বিষয়ে যোগগুরু রামদেব এবং আন্না হাজারের সঙ্গে একই মঞ্চে আন্দোলন করেন। ধর্ষণকাণ্ড বিষয়ে সম্প্রতি তিনি বলেন, বর্তমান রাষ্ট্রযন্ত্র ভীষণ নগ্ন এবং অক্ষম। রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলে কেবল এক কন্যা নয়, হাজারো কন্যা ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত হচ্ছে। নভেম্বরের শেষ দিকে সাবেক এ সেনাপ্রধান পার্লামেন্ট ভেঙে দেওয়ার ও এটা ঘেরাও করার ডাক দেন। তিনি উত্তরখণ্ড ও উত্তর প্রদেশের আখচাষিদের দাবির পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান। সেনাপ্রধান হিসেবে শেষের কয়েক মাস দায়িত্ব পালনের সময় তিনি ভারত সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর বয়স নিয়ে এ সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল।