ভারতের সাবেক স্পিকার সাংমার গাড়ি দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত ২
ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমাকে বহনকারী ভারতীয় হাইকমিশনের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় সাংমার স্ত্রী সনাদিনিক সাংমা ও রাজ্যসভার সাবেক সদস্য বি বি দত্ত আহত হয়েছেন। তবে সাংমা ও তাঁর অন্য সফর সঙ্গীদের কেউ আহত হননি। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।চিকিত্সকেরা জানিয়েছেন, সনাদিনিক সাংমাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তবে বিবি দত্ত মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিত্সাধীন।সাবেক স্পিকারের সফরসঙ্গী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা সফরউদ্দিন প্রথম আলোকে জানান, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের একটি সভায় অংশ নিতে সড়কযোগে তারা ঢাকা থেকে মৌলভীবাজার হয়ে সিলেট আসছিলেন।বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে এলাকায় আসামাত্র তাঁদের সামনে থাকা সিকিউরিটি ফোর্সের একটি গাড়ি গতিরোধক (স্পিড ব্রেকারে) থাকায় ব্রেক করে। এ সময় সাংমাকে বহনকারী গাড়িটি ওই গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হায়াত জানান, বিবি দত্ত হাসপাতালে চিকিত্সাধীন। প্রাথমিক চিকিত্সা শেষে সনাদিনিক সাংমা সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। তিনি সুস্থ আছেন।মৌলভীবাজারের পুলিশ সুপার হারুনুর রশীদ জানান, ঢাকা থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল হয়ে আজই ভারতের মেঘালয় যাওয়ার কথা সাবেক স্পিকারের নেতৃত্বাধীন দলটির। পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।