ভারতের স্কুলে বিষাক্ত খাবার খেয়ে ২২ শিশুর মৃত্যু
ভারতের বিহার রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের জন্য দেওয়া খাবার খেয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারগুলোতে বিষাক্ত পদার্থ ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় ৩০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা মিনা দেবী ও অন্য শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্মকর্তারা আজ বুধবার এ কথা জানান। পুলিশ জানায়, বিহারের শরণ জেলার মাশরাখে অবস্থিত ধরস্মতি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিতরণ করা বিনা পয়সার টিফিনে মসুর ডাল, সবজি ও ভাত দেওয়া হয়। এসব খাবার খেয়েই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। শিশুদের বয়স আট থেকে ১১ এর মধ্যে। বিদ্যালয়ের শিশুদের বিনা পয়সায় খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বের ১২ কোটি শিশুকে দুপুরের খাবার দেওয়া হয়।শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান সেক্রেটারি অমরজিত্ সিনহা খাদ্যে বিষক্রিয়ার কারণে ২২ শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।জেলা ম্যাজিস্ট্রেট অভিজিত্ সিনহা বলেন, দুপুরের খাবার খেয়ে ১০ শিশুর মৃত্যু হয়। পরে আরও ১২টি শিশু মারা যায় এবং ৬০টি শিশু অসুস্থ হয়ে পড়ে।অবস্থার অবনতি হওয়ায় দুই ডজনের বেশি শিশুকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একজন কর্মকর্তা জানান, আরও ১০টি শিশুর অবস্থা আশঙ্কাজনক।এতগুলো শিশুর মৃত্যুর জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তি দাবি করে মঙ্গলবার রাত থেকে শরণ জেলায় শত শত মানুষ বিক্ষোভ করছে। ২০টি শিশুকে স্কুলের কাছেই কবর দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে প্রতিটি শিশুর পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স।