ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম ঢাকায় আসছেন ২৯ জুলাই
সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ২৯ জুলাই ঢাকায় আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করবেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছে, চিদাম্বরমের সফর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের প্রস্তুতির অংশ। এ প্রেক্ষাপটে অপদখলীয় জমি ও ছিটমহল বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণের মতো সীমান্ত বিরোধের বিষয়গুলো নিয়েও দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হবে। তবে শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকেই সমন্বিত সমাধান আশা করা হচ্ছে বলে দীর্ঘ তিন দশকের বেশি সময়ের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুই মন্ত্রীর বৈঠকে বড় অগ্রগতির প্রত্যাশা কেউ করছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গত বছর সই হওয়া সন্ত্রাসবাদ দমনবিষয়ক তিনটি চুক্তির বাস্তবায়ন গুরুত্ব পাবে। তা ছাড়া সীমান্তে অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অন্য একটি সূত্র বলেছে, হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের প্রায় দেড় বছর পরও তখন স্বাক্ষরিত তিন চুক্তি বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষাপটে চুক্তি বাস্তবায়নের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে অন্য বিষয়ের পাশাপাশি সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি বন্ধের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে, ভারত সম্প্রতি প্রাণহানি এড়াতে প্রাণঘাতী বুলেটের পরিবর্তে রাবার বুলেট ব্যবহারের যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়ন নিয়ে কথা বলবে। এদিকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ইন্টারপোলের জারি করা পরোয়ানা বাস্তবায়নে ইতিমধ্যেই দুই দেশ রাজি হয়েছে। এর আলোকে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি ক্যাপ্টেন (অব.) মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আবার ভারতের সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি দিল্লির তিহার জেলে আটক দুই যমজ ভাই মুরসালিন ও মুত্তাকিমকে হস্তান্তর করতেও ভারতকে অনুরোধ জানানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মতে, ভারতে পালিয়ে থাকা শাহাদাত, ডাকাত শহীদ, আশিকসহ বাংলাদেশের বেশ কিছু শীর্ষস্থানীয় সন্ত্রাসী টেলিফোনে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। তাদের বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে দিল্লির সহযোগিতা চাইবে ঢাকা। অস্ত্র পাচার বন্ধ করতে সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্যও বাংলাদেশ ভারতকে অনুরোধ জানাবে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকা সফরের সময় পি চিদাম্বরম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত, চুক্তি সইয়ের এক বছর পর চলতি বছরের ১৩ জানুয়ারি অপরাধ এবং সন্ত্রাসবাদবিষয়ক তিনটি চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের প্রটোকলে সই করে বাংলাদেশ ও ভারত। গত বছর ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি শীর্ষ বৈঠক শেষে তিনটি চুক্তি সই করেন। চুক্তিগুলো হলো: ‘অপরাধ দমন বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা’, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচারবিষয়ক চুক্তি’ এবং ‘কারাবন্দী ব্যক্তিদের হস্তান্তরবিষয়ক চুক্তি’।