ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সম্প্রতি ছত্তিশগড়ের দান্তেওয়াদার সুকমার মুকরানা জঙ্গলে মাওবাদীদের হামলার নৈতিক দায় স্বীকার করে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র পেশ করেন। তবে মনমোহন সিং তা গ্রহণ করেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, চত্তিশগড়ে চলতি সপ্তাহে মাওবাদী গেরিলাদের হামলায় ৭৫ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (সিআরপিএফ) সদস্যের নিহত হওয়ার ঘটনার দায় কাঁধে নিয়ে গত বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগ চেয়ে আবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার ওই আবেদন প্রত্যাখ্যান করেন। গণমাধ্যমের খবরে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর কাছেও অনুরূপ একটি পত্র পাঠিয়েছেন। গত মঙ্গলবার ছত্তিশগড়ের জঙ্গলে সিআরপিএফের ওপর হামলা চালায় মাওবাদী গেরিলারা। এ ঘটনার পর থেকে ক্ষমতাসীন কংগ্রেস জোট সরকার বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে পড়ে। গতকাল নয়াদিল্লিতে নিহত ব্যক্তিদের সৎকার অনুষ্ঠানে চিদাম্বরম বলেন, ‘এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী, আমাকে তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিজ্ঞেস করা হয়েছে। দান্তেওয়াদাতে (ছত্তিশগড়) যা ঘটেছে, আমি দ্বিধাহীন চিত্তে এই হত্যাকাণ্ডের দায় নিজ কাঁধে নিচ্ছি।’