ভারতের স্বার্থে আ.লীগ স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিল: আজাহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, ভারতের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ একাত্তরে স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিল। এ কারণে স্বাধীনতার পর ভারতের সেনাদের দেশের সম্পদ লুটপাটের প্রতিবাদ করায় তত্কালীন সরকার মেজর জলিলকে গ্রেপ্তার করেছিল। আজ বুধবার বিকেলে পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশে আজাহার এ কথা বলেন। দলের আমির মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়। আজাহার আরও বলেন, অবিলম্বে দলের শীর্ষ নেতাদের মুক্তি দেওয়া না হলে বাংলাদেশের জনগণের জানে কীভাবে মুক্ত করতে হয়।ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি তাসনীম আলম, সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ বক্তব্য দেন।