ভারতের ৩৫০০ কোটি ডলারের ‘স্টিলথ’ প্রকল্প
পঞ্চম প্রজন্মের রাডার ফাঁকি দেওয়া যুদ্ধবিমান ‘স্টিলথ’ পেতে উদগ্রীব ভারত। আগামী ২০ বছরের মধ্যে রাশিয়া তাদের এ বিমান পেতে সহযোগিতা করবে। এই প্রকল্পে ভারতের ব্যয় হবে প্রায় তিন হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। এটাই হবে ভারতের এ যাবত্কালের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প। এটি বাস্তবায়নে এ বছরের শেষ দিকে বা ২০১৩ সালের শুরুতে রাশিয়ার সঙ্গে ভারতের একটি চুক্তি হবে। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে ভারত। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আপাতত পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের নকশা বা গবেষণা ও উন্নয়নের (আর অ্যান্ড ডি) কাজ শুরু করার জন্য চুক্তিটি স্বাক্ষরিত হবে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেও এই চুক্তি দারুণ গুরুত্ব বহন করছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ভারতকে পঞ্চম প্রজন্মের বিমান তৈরির ব্যাপারে দুটি প্রস্তাব দিলেও ভারত তা গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র ভারতকে জয়েন্ট স্ট্রাইক ফাইটার (জেএসএফ) ও এফ-৩৫ লাইটনিং-২ নামের দুটি পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের নকশা তৈরিতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল।পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের মূল অনুষঙ্গ হবে যেকোনো ধরনের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। ভারত ২০২২ সালের মধ্যে তাদের বিমানবাহিনীতে এ ধরনের বিমান অন্তর্ভুক্ত করতে চায়। চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে হিন্দুস্তান অ্যারোনোটিকস ও ভারতীয় বিমানবাহিনীর প্রকৌশলী ও কর্মকর্তারা রাশিয়ায় গিয়ে এ ব্যাপারে সবকিছু চূড়ান্ত করবেন। ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রনে থাকা টি-৫০ জঙ্গি বিমানের ওপর ভিত্তি করেই এই পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানগুলো তৈরি হবে। গত মাসে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এন এ কে ব্রাউন রাশিয়া সফর করে টি-৫০ জঙ্গি বিমানের পঞ্চম প্রজন্মে রূপান্তরের ব্যাপারে বিভিন্ন দিক পর্যালোচনা করে এসেছেন। ২০১০ সালের ডিসেম্বরে এ লক্ষ্যে একটি প্রাথমিক নকশাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি ছিল ২৯ কোটি ৫০ লাখ ডলারের।একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এর মধ্যে ভারতকে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের গবেষণা ও উন্নয়নসংক্রান্ত চুক্তির একটি খসড়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। রাশিয়া এই খসড়ার মধ্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের নকশা প্রণয়ন, এটি তৈরি ও রক্ষণাবেক্ষণের অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণ, এই জঙ্গি বিমানের প্রাথমিক সংস্করণ তৈরি ও পরীক্ষামূলক উড্ডয়নের খরচ জুড়ে দিয়েছে।রাশিয়ায় তৈরি পঞ্চম প্রজন্মের টি-৫০ যুদ্ধবিমানের প্রাথমিক সংস্করণ এর মধ্যে রাডার ফাঁকি দেওয়ার ১৮০টি পরীক্ষা সম্পন্ন করেছে। নাশিকে অবস্থিত হিন্দুস্তান অ্যারোনোটিকস লিমিটেড আগামী ২০১৪, ২০১৭ ও ২০১৯ সালে এই তিনটি প্রাথমিক সংস্করণ হাতে পাবে বলে জানা গেছে। তখন এই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হবে ভারতীয় বৈমানিকদের দিয়ে। ২০১৯ সালের পর হিন্দুস্তান অ্যারোনোটিকস এই বিমান তৈরি শুরু করবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে ভারতীয় বৈমানিক ও বিজ্ঞানীদের রাশিয়ায় দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হবে।এই বিমানগুলো দ্বৈত না একক ককপিটের হবে, তা নিয়ে অবশ্য দোটানায় রয়েছে ভারত। তবে তারা এখন একক ককপিটের বিমান পেতে বেশি আগ্রহী। কারণ, একক ককপিটের বিমান রাডার ফাঁকি দিতে তুলনামূলকভাবে বেশি পটু। দ্বৈত ককপিটের বিমানের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা কমপক্ষে ১৫ শতাংশ কম। একই সঙ্গে এতে গবেষণা ও উন্নয়ন এবং জ্বালানি খরচ কমপক্ষে ২০০ কোটি ডলার বেশি।রাশিয়ার সঙ্গে এই জঙ্গি বিমানসংক্রান্ত চুক্তির ফাঁকে ফ্রান্সের সঙ্গে আরও একটি চুক্তি করতে যাচ্ছে ভারত। ভারতীয় বিমানবাহিনীতে জঙ্গি বিমানের একটা বড় ধরনের সংকট রয়ে গেছে। আর এই সংকট সমাধানে ফ্রান্স থেকে দুই হাজার কোটি ডলারের ১২৬টি মিডিয়াম মাল্টি রোল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত।এদিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’র অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত খবরটি প্রকাশ করলে পাঠকেরা হুমড়ি খেয়ে পড়ে এতে মন্তব্য করার জন্য। প্রায় ২০০টি মন্তব্যের বেশির ভাগই ছিল কঠোর সমালোচনায় ভরা। অনেকের মন্তব্য, এই চুক্তির ফলে কমিশনের মাধ্যমে রাজনীতিকদের পকেট ভারী হবে। পাঠকদের একটা বড় অংশ চুক্তির সমালোচনা করতে গিয়ে টেনে এনেছেন ভারতের অর্থনৈতিক বাস্তবতা, অবকাঠামোগত ঘাটতি ও দারিদ্র্যকে। তাঁদের মতে, আগামী ২০ বছরে তিন হাজার ৫০০ কোটি ডলার যুদ্ধবিমান তৈরি করার মতো খাতে ব্যয় করে ভারতের সরকার অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করতে চাইছে।