ভারতের ৯০ শতাংশ লোকই ‘ইডিয়ট’
ভারতের ৯০ শতাংশ মানুষই হচ্ছে ইডিয়ট (হাবাগোবা) ধরনের। তাদের দুষ্ট লোকেরা ধর্মের দোহাই দিয়ে খুব সহজেই ভুল পথে পরিচালিত করতে পারে। আজ রোববার ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারপারসন ও বিচারপতি মারকান্দে কাটজু এক সেমিনারে এ কথা বলেন।বিচারপতি কাটজু বলেন, ‘আমি বলছি ভারতীয়দের মধ্যে ৯০ শতাংশই বোকা, হাবাগোবা ধরনের। এসব মানুষের মাথায় কোনো বুদ্ধি নেই। তাই তাদের যেকোনো পথে পরিচালিত করাটা খুব সহজ ব্যাপার।’ তিনি বলেন, পবিত্র স্থানের প্রতি অসম্মান করে প্রায় সবাই দুষ্ট মানুষের মতো আচরণ করছে। মানুষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কাটজু আরও বলেন, ‘অন্যের সঙ্গে নয়, আপনারা পাগলের মতো নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছেন। ভেবে দেখছেন না যে এর পেছনে কেউ কেউ আপনাকে উসকে দিচ্ছে।’এই বিচারপতি আরও বলেন, ‘১৮৫৭ সালের আগ পর্যন্ত দেশে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ঠিক তার উল্টো। আজ প্রায় ৮০ শতাংশ হিন্দু ও ৮০ শতাংশ মুসলমানই সাম্প্রদায়িক হয়ে উঠেছে। এটা ধ্রুব সত্য। গত ১৫০ বছরে আমরা অনেকটাই পিছিয়ে গেছি।’