ভারতের ‘জাতীয় লজ্জা’
মধ্য প্রদেশের ছোট্ট এক গ্রাম মারখেদা। গ্রামের মাটির ঘরের এক উঠানে বসে অতি রুগ্ন দুই বছরের ছেলে দেশরাজকে হাঁটুর নিচে বসিয়ে দোল দিচ্ছিলেন মা। বয়স তার দুই বছর, তবে দেখতে সদ্য জন্ম নেওয়া শিশুর চেয়ে খুব বেশি বড় বলে মনে হয় না। দুর্বল শরীর, কাঠির মতো হাত-পা, কোটরে ঢুকে পড়া দুটি চোখ। ক্ষুধায় ক্লান্ত দেশরাজ খাবারের জন্য আপ্রাণ কেঁদে যাচ্ছে, তবে দুর্বল শিশুটির ক্ষীণ স্বরের এই কান্না খুব বেশি দূর যাচ্ছে না।শিশুটি কাঁদছে কেন, বিবিসির সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বেশ বিরক্ত হয়ে উত্তর দিলেন দেশরাজের মা। বললেন, ‘আমরা তাকে খেতে দিতে পারি না।’ এরপর ছেলেকে নিয়ে উঠে অন্যদিকে চলে গেলেন অসহায় মা।এমন মা ও শিশু রয়েছে ভারতের অনেক এলাকায়। শিশুদের এই অপুষ্টির বিষয়টিকে ‘জাতীয় লজ্জা’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে স্থিতিশীল অবস্থায় থাকা ভারত এই জাতীয় লজ্জা কাটাতে কোটি কোটি রুপি বরাদ্দ করলেও কার্যত তা কোনো ফল বয়ে আনছে না। এ জন্য ভারতের দীর্ঘদিনের শক্তিশালী দুর্নীতি ব্যবস্থাকেই দায়ী করা হয়।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বিশ্বে অপুষ্টিতে আক্রান্ত প্রতি চারটি শিশুর একটি ভারতের। অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা আফ্রিকার সাব-সাহারা এলাকার চেয়ে ভারতে বেশি। অপুষ্টির শিকার এসব শিশু নানা ধরনের রোগে আক্রান্ত। অপুষ্টিতে প্রতিবছর মারা যায় হাজার হাজার শিশু। পুষ্টিকর খাবারের অভাবে এসব শিশু নানা ধরনের শারীরিক ও মানসিক রোগে ভোগে।শিশু উন্নয়ন সূচকে ভারতের অবস্থা বেশ নাজুক। সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশু উন্নয়ন সূচকে ভারতের অবস্থা প্রতিবেশী বাংলাদেশ, এমনকি আফ্রিকার দেশ কঙ্গোর চেয়েও খারাপ। আজ লন্ডনে শুরু হতে যাওয়া ক্ষুধাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তাই ভারতের অনেক কিছু শেখার আছে।স্বাস্থ্যকর্মীদের দাবি, বেশির ভাগ শিশুর মা এতই নিরক্ষর যে তাঁরা ঠিকমতো সন্তানের যত্ন নিতে পারেন না। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের অবস্থার উন্নতি ঘটাতে ৬০০ পরিবার নিয়ে একটি প্রকল্প চালু করা হলেও মা-বাবার অজ্ঞতার কারণে সাফল্য আসেনি।দরিদ্র মানুষের কাছে কম মূল্যে খাবার পৌঁছে দিতে সরকার জনবিপণনব্যবস্থার (পিডিএস) আওতায় দোকান চালু করেছে। এই দোকানগুলো আদৌ কোনো কাজে আসছে কি না, এর উত্তর সন্ধান করতে গিয়ে মিলল বেশ মজার তথ্য। কাগজে-কলমে এগুলো চালু থাকলেও বাস্তবে দেখা গেল এসব দোকান বন্ধ হয়ে আছে। দেশরাজের গ্রামের কথা ধরা যাক, পিডিএসের দোকানটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। গ্রামের একজন বাসিন্দা জানান, সরকারের কোনো কর্মীকে এই গ্রামে শেষ কবে দেখেছেন তিনি, তা মনে করতে পারেন না। তবে এ ব্যাপারে জানতে চাইলে সরকারি দলের নেতা ওম প্রকাশ উল্টো বিবিসির সাংবাদিককে বলেন, ‘আপনারা কী করেন, তা দেখার জন্যই আমরা এখানে আসি।’অনেক পরিবার জানাল, পিডিএস দোকান থেকে যেসব খাবার পাওয়া যায়, তা পর্যাপ্ত নয়। আবার এসব খাবারের মানও খারাপ। তাই বেশির ভাগ সময়ই অভুক্ত থাকতে হয় বলে জানালেন ওই গ্রামের বাসিন্দা ব্রিজমোহন। শিবপুরিতে পুষ্টিবিষয়ক পুনর্বাসনকেন্দ্রে চিকিত্সা দিচ্ছিলেন চিকিত্সক রাজকুমার। দুই বছর বয়সী আনজিনির পরীক্ষা-নিরীক্ষা করতে করতে বললেন, তার ওজন চার কেজিরও কম। চরম অপুষ্টিতে আক্রান্ত শিশুটি যক্ষ্মা ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। মোট জনসংখ্যার একটি বিশাল অংশের এমন খারাপ অবস্থার মুখে সবার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গত বছর ভারতের ক্ষমতাসীন জোট খাদ্যনিরাপত্তা বিল পাস করে। এই বিল পাসের সময় কোনো সাংসদ আপত্তি না করলেও এর বাস্তবায়নে তাঁদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।ভারতের খাদ্য উত্পাদন পরিস্থিতি গত এক দশকের তুলনায় বর্তমানে অনেক ভালো বলে দাবি করলেন মন্ত্রী শচীন পাইলট। টেলিকমের দায়িত্বপ্রাপ্ত হলেও তিনি খাদ্যনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তিনি বলেন, খালি পেটের, শুকনা পায়ের শিশু প্রত্যাশিত নয়। কিন্তু এখনো এমন অনেক শিশু আছে। তাদের যথাযথভাবে বড় করতে না পারলে মেধাশূন্যতার সৃষ্টি হবে।