ভারতেরও আগে বাংলাদেশের প্রতিপক্ষ শিশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুয়াশা’ বললে আপাতত সেবা প্রকাশনীর কোনো অ্যাডভেঞ্চার-সিরিজের কথা মনে পড়ছে না। ‘সবুজ ঘাসে শিশিরের মাখামাখি’ রোমান্টিক উপন্যাস থেকে তুলে আনা শব্দাবলিও নয়। কুয়াশা মানে এখন একটা আতঙ্ক, শিশির মানে ভয়। ক্রিকেটকে দুর্বোধ্য আর বলকে পিচ্ছিল বানিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত শীতের এই অতিথি এবার বড় অনাহূত!আইডিয়া কাপের প্রথম দুই ম্যাচের মতো আজ ভারত-বাংলাদেশ ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে শিশির। তিন অধিনায়কের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর গেম প্ল্যানগুলো এখন শিশিরসিক্ত। শিশিরই ঠিক করে দিচ্ছে টস জয়ের পরের সিদ্ধান্ত, প্রভাব ফেলছে একাদশ নির্বাচনে। তবে বাংলাদেশ দলের প্রথম একাদশে আজ পেসার সৈয়দ রাসেলের ঢুকে পড়াটা শিশিরে পা পিছলে নয়। অভিষেক ম্যাচের স্নায়ুচাপে ন্যুব্জ শফিউল ইসলামই পথ করে দিচ্ছেন তাঁকে এক সিরিজ পর দলে ফেরার। কাল রাত পর্যন্ত বাংলাদেশ দলে এই একটাই পরিবর্তনের সম্ভাবনা শোনা গেছে।সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিরা প্রায় প্রতিদিনই দিচ্ছেন শিশিরতত্ত্ব। কাল সে আলোচনায় যোগ হলেন বাংলাদেশ সহ-অধিনায়ক মুশফিকুর রহিমও। ভারতের আগে এ ম্যাচে শিশির সামলানোটাই বড় মনে হচ্ছে তাঁর কাছে, ‘শিশিরে বল ভিজে গেলে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। টসটা খুব গুরুত্বপূর্ণ এখানে। তবে কাল (আজ) আগে বল করার সুযোগ পেলে আমাদের স্পিনাররা ভালো করবে।’ ভালো মানে ভারতকে ২৭০-৮০ রানের মধ্যে বেঁধে ফেলা। আগে বোলিংয়ের সুযোগ পেলে ওটাই টার্গেট থাকবে বাংলাদেশ দলের। আর টস-দুর্ভাগ্য যদি পিছু না ছাড়ে সাকিবের! টসে হেরে আগে ব্যাটিং (হ্যাঁ, এটা নিশ্চিতই বলে দেওয়া যায়) করতে হলে বাংলাদেশের লক্ষ্য কী হবে, সে প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না মুশফিকুর, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটাই খেলার চেষ্টা করব। শুরুতেই উইকেট না হারালে ভালো করব আশা করি।’২০০৭ বিশ্বকাপে, এর আগে ২০০৪ সালে এই ঢাকাতেও ভারতকে চমকে দেওয়ার সুখময় অভিজ্ঞতা আছে বাংলাদেশের। বাংলাদেশ-ভারত ম্যাচ তারপরও অসম এক লড়াই, তাতে ভারতের হার এখনো বরাবরের মতোই অঘটন। তবে আজ একটা জায়গায় অন্তত সমান সমান অবস্থানে থেকেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই সিরিজে দুদলই তাদের প্রথম ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং দুদলই হেরেছে। মুশফিকুরের মনে হচ্ছে, এই ‘সাম্যাবস্থা’য় বাংলাদেশের ক্ষতি নেই, বরং চাপ বাড়িয়ে দিচ্ছে ভারতের ওপর, ‘এই ম্যাচ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। তবে ভারতের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। ভালো খেললে এ ম্যাচে আমাদের জেতার সুযোগ থাকবে। চাপটা ওদের (ভারতের) ওপরেই বেশি।’মহেন্দ্র সিং ধোনিরা সেই সুযোগ কতটা দেবেন বাংলাদেশকে, সেটাই এখন দেখার অপেক্ষা। আজকের ম্যাচ নিয়ে ভারতের ভাবনা যে কাল জানাই যায়নি! বিকেলে অনুশীলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা বাতিল করে দিনটা হোটেলেই কাটিয়েছে ধোনির দল। অন্যদিকে বাংলাদেশের অনুশীলন ছিল বেশ সিরিয়াস। ১৫ সদস্যের দলে যাঁরা আছেন তাঁরা তো ছিলেনই, নি-ক্যাপ পরে নেটে বল করলেন মাশরাফি বিন মুর্তজাও। তাঁকে দেখে আশাবাদী হয়েছিলেন অনেকে। মাশরাফি কি তবে ফিরছেন? বাস্তবতা হলো, প্রশ্নটার উত্তর এক সপ্তাহ আগে যা ছিল, এখনো তাই। মাশরাফি ফিরছেন, তবে কবে ফিরছেন সেটা কেউ জানে না। প্রধান নির্বাচক রফিকুল আলমকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায়, ‘ডিপেন্ডস অন মাশরাফি’, মাশরাফিকে জিজ্ঞেস করলে বলেন, ‘ডিপেন্ডস অন সিলেক্টরস।’মাশরাফি কথাটা মজা করেই বলেছেন। তিনি ভালো করেই জানেন, মাঠে ফেরার সবুজ সংকেত তাঁকেই দিতে হবে। দলের জন্য তো বটেই, মাশরাফির জন্যও সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি হলে ভালো। তার আগ পর্যন্ত নিয়তির খেলা মেনেই নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে না পারার হতাশাকে দীর্ঘশ্বাস বানিয়ে বললেন, ‘খেলতে না পারলে কষ্ট লাগবেই। কিন্তু কিছু তো করার নেই। মেনে নিয়েছি...মেনে নেওয়াটাই তো নিয়ম...।’