রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এখন দুজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। একজনকে নিয়োগ করেছে কলেজ পরিচালনা পরিষদ, অপরজন আদালতের রায় অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এরই মধ্যে গতকাল শনিবার স্থায়ী অধ্যক্ষ নিয়োগের চেষ্টা করেছিল কলেজ পরিচালনা পরিষদ। কিন্তু নিয়োগ সভা চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের একজন নীতিনির্ধারকের ফোনে ওই উদ্যোগ আটকে যায়।নতুন অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমকে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগে ২৫ মার্চ অব্যাহিত দেওয়া হয়েছে। এই অব্যাহতি-প্রক্রিয়ায় প্রচলিত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠেছে। রোকেয়া আক্তারকে হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। তিনি এ বিষয়ে কারও নাম উল্লেখ না করে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও গতকাল শনিবার কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য ১১ জন প্রার্থীর সাক্ষাত্কার নেওয়া হয়। এর আগে ২৫ মার্চ রোকেয়া আক্তার বেগমকে অব্যাহতি দিয়ে কলেজের শিক্ষক শায়লা আহম্মেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। রোকেয়া আক্তার নিজেই অধ্যক্ষ পদের প্রার্থী, এমন যুক্তি দেখিয়ে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কলেজ পরিচালনা পরিষদের সদস্য সচিবের দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়। আবার বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে বলে গতকাল তাঁকে অধ্যক্ষ পদে নিয়োগের সাক্ষাত্কারে ডাকা হয়নি।জানতে চাইলে রোকেয়া আক্তার বেগম প্রথম আলোকে বলেন, কোনো রকম ব্যাখ্যা বা কারণ দর্শানো ছাড়া এবং প্রচলিত নিয়মকানুন লঙ্ঘন করে তাঁকে সুকৌশলে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং আদালত নতুন অধ্যক্ষ নিয়োগের ওপর স্থিতাবস্থা দিয়ে আগামী ১২ এপ্রিল পরবর্তী শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাত্কার আহ্বান প্রসঙ্গে জানতে চাইলে কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও যুগলীগের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বলেন, সাক্ষাত্কার নেওয়া হলেও আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে অধ্যক্ষ নিয়োগ হবে না।জানা যায়, পরিচালনা পরিষদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শায়লা আহম্মেদকে নিয়োগ দিলেও তিনি দায়িত্ব বুঝে পাননি। রোকেয়া আক্তার আদালতের নির্দেশ অনুযায়ী অধ্যক্ষের কক্ষের চাবিসহ দায়িত্ব বুঝিয়ে দেননি। এ অবস্থায় কলেজে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেনন গতকাল রাতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেশের বাইরে গেছেন।এদিকে পরিচালনা পরিষদে বেশ কয়েকজন সদস্যের বৈধতা নেই বলেও অভিযোগ উঠেছে। মুজিবুর রহমান হাওলাদার নামের একজন অভিভাবক প্রতিনিধির সদস্যপদ ২৫ মার্চ ঢাকা শিক্ষাবোর্ড বাতিল করেছে। এক চিঠিতে বোর্ডের পরিদর্শক জানিয়েছেন, ওই অভিভাবক প্রতিনিধির সন্তান বিদ্যালয়ে পড়াশোনা করছে না।স্কুল ও কলেজের দুজন শিক্ষক প্রতিনিধির মেয়াদ এক বছর আগে শেষ হয়ে গেলেও নতুন প্রতিনিধি নির্বাচন করা হচ্ছে না। পরিচালনা পরিষদের আরও দুজন অভিভাবক প্রতিনিধির সদস্যপদ বাতিল হলেও তাঁরা আইনের আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করছেন। এভাবে জোড়াতালি দিয়ে পরিচালিত পরিচালনা পরিষদ গতকাল নতুন অধ্যক্ষ নিয়োগের লক্ষ্যে সাক্ষাত্কারের আয়োজন করে।পরিচালনা পরিষদের চেয়ারম্যান রাশেদ খান মেননের একান্ত সচিব নাইমুল আজম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে পরিচালনা পরিষদের সদস্য করা হয়েছে। গতকালের সাক্ষাত্কার পর্বে রাশেদ খান মেননের সঙ্গে তাঁর একান্ত সচিবও নিয়োগ কমিটির সদস্য হিসেবে অংশ নেন। গতকালের সাক্ষাত্কার অনুষ্ঠানে যোগ্যতা থাকলেও কয়েকজন প্রার্থীকে সাক্ষাত্কারে না ডাকার অভিযোগ উঠেছে। এঁদের একজন অধ্যক্ষ রফিকা আফরোজ জানান, এর আগে দুবার তাঁকে সাক্ষাত্কারে ডাকা হয়েছে। কিন্তু এবার ডাকা হয়নি।উল্লেখ্য, আট বছর ধরে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত অধ্যক্ষ নেই। ছাত্রীসংখ্যা প্রতিবছর বাড়লেও প্রয়োজনীয় শিক্ষক নেওয়া হচ্ছে না। এমনকি ছাত্রীদের সুষ্ঠুভাবে শ্রেণীকক্ষে বসার জায়গা পর্যন্ত দিতে পারছে না ওই শিক্ষাপ্রতিষ্ঠান।এদিকে কলেজ পরিচালনা পরিষদের সাতজন সদস্য গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন, কলেজের অধ্যক্ষ নিয়োগ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়া কুক্ষিগত করে রেখেছেন। পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেনন দেশের বাইরে থাকার সময় রোকেয়া আক্তার শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিচালনা পরিষদের সুনাম ক্ষুণ্ন করতে পারেন বলে তাঁরা আগাম আশংকা ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে রোকেয়া আক্তার বলেন, একটি প্রতিষ্ঠানে ৩৫ বছর চাকরির পর এ ধরনের অভিযোগ দুঃখজনক। তিনি বলেন, ‘আমি শিক্ষক হিসেবে সম্মানের সঙ্গে যেতে চাই এবং এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’