ভারপ্রাপ্ত মেয়রের অপসারণ চেয়ে খসরুর চিঠি
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জহুরুল আলম দোভাষের অপসারণ দাবি করেছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়ে এবং সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। এদিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলমকে গতকাল আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। মঞ্জুর গতকাল প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ও মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।মঞ্জুরের প্রধান নির্বাচনী এজেন্ট ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু বিকেলে নগরের মেহেদীবাগে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মেয়রের অপসারণ দাবি করেন। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র দোভাষ ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য। একই সঙ্গে তিনি সিটি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী। তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ সৃষ্টি হবে। তাই আমরা তাঁর অপসারণ দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি।’ খসরু বলেন, ‘বিগত জাতীয় সংসদ ও ভোলার উপনির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা এই কমিশনকে মাইক্রোস্কোপের আওতায় রেখেছি। যে আইনে মেয়র পদ থেকে মহিউদ্দিন চৌধুরী পদত্যাগ করেছেন, সেই একই আইনের ধারা ভারপ্রাপ্ত মেয়র দোভাষের জন্যও প্রযোজ্য। অর্থাৎ মেয়র পদে থেকে সিটি নির্বাচন করা আইনের বরখেলাপ।’ জানা গেছে, সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আমীর খসরুর ব্যক্তিগত সহকারী এই দাবিসংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেন। এক পৃষ্ঠার ওই চিঠিতে দোভাষকে অপসারণের দাবি জানিয়ে বলা হয়, এটি সিটি করপোরেশন নির্বাচন, শুধু মেয়র নির্বাচন নয় বিধায় একই আইন এবং নীতি সবার জন্য অনুসরণ করার প্রয়োজন আছে।মঞ্জুরকে উত্তর জেলা বিএনপির সমর্থন: এদিকে মঞ্জুরকে বিকেলে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে উত্তর জেলা বিএনপি। দলীয় কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ সমর্থন দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মঞ্জুর আলম বলেন, ‘অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে আপনারা আমাকে মেয়র প্রার্থী করেছেন। দেশনেত্রী বেগম জিয়াও আমাকে সমর্থন দিয়েছেন। তাঁর কাছে আমি কৃতজ্ঞ। চট্টগ্রাম সিটি করপোরেশনের চারটি ওয়ার্ড চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্ভুক্ত। এই চারটি ওয়ার্ডে দুই লাখের বেশি ভোটার আছেন। আর আমাদের সামনে এসেছে একটা সুযোগ। সবাই ঈমানের সঙ্গে কাজ করতে পারলে এই সুযোগ আমরা কাজে লাগাতে পারব।’ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাবেক মেয়র মহিউদ্দিনের সমালোচনা করে বলেন, ‘তাঁর বাড়ি আমার বাড়ির কাছাকাছি। তাঁকে আমি জানি। তিনি ১৭ বছর মেয়র ছিলেন। অথচ নগরবাসীর কল্যাণের জন্য কিছু করতে পারেননি। সামনের নির্বাচনে তাঁকে সরিয়ে আমাদের সহজ-সরল প্রার্থী জিতিয়ে আনতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ।’ তিনি বলেন, উত্তর জেলার চারটি ওয়ার্ডে ৩০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। চারটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।দলীয় সূত্র জানায়, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সভাপতি ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, এস এম ফজলুল হক ও কামালউদ্দিনকে কো-চেয়ারম্যান করে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বিনোদবিহারী, দস্তগীরের সঙ্গে সাক্ষাৎ: মঞ্জুর আলম গতকাল প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর সঙ্গে তাঁর মোমিন রোডের বাসায় দেখা করেন। এ সময় তাঁরা কুশলবিনিময় করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী চাই।’ জানা যায়, দুপুর ১২টার দিকে মঞ্জুর নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর সঙ্গে তাঁর কদমতলীর বাসভবনে গিয়ে দেখা করেন। তিনি এ সময় দস্তগীরের কাছে দোয়া চান। এ ছাড়া গত শুক্রবার রাতে তিনি দেওয়ানজী পুকুরপাড়ে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্তের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, দস্তগীর চৌধুরী ও রানা দাশগুপ্তের সঙ্গে দেখা করে তাঁদের সহযোগিতা চেয়েছি।’