উপাচার্য হলো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রশাসনিক পদ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদটি ছয় মাস ধরে চলছে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে। বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মো. আলাউদ্দিন অতিরিক্ত হিসেবে বর্তমানে উপাচার্যের দায়িত্ব পালন করছেন।জানা গেছে, এভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আটটি গুরুত্বপূর্ণ পদে বর্তমানে ‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ পদগুলো হলো: রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক, বিশ্ববিদ্যালয় প্রেসের পরিচালক, পরিবহন দপ্তরের পরিচালক এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা।প্রশাসন সূত্রে জানা গেছে, এসব পদে পাঁচ থেকে ২০ বছর ধরে ‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও এসব পদে যোগ্য ব্যক্তি পাওয়া যায় না। সর্বশেষ গত ২১ এপ্রিল রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব নিয়ামক, পরিকল্পনা ও উন্নয়ন এবং গ্রন্থাগারিক—এই পাঁচটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৬ মে আবেদনের সময় শেষ হয়। এসব পদে যোগ্য কাউকে পাওয়া যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে। তাই ‘ভারপ্রাপ্ত’ দিয়ে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে হচ্ছে।গত বছরের ২৮ নভেম্বর আবু ইউসুফের মৃত্যুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলাউদ্দিন। এ পদে এখনো সরকার নিয়মিত হিসেবে কাউকে নিয়োগ দেয়নি। ভারপ্রাপ্ত উপাচার্য প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত পদগুলোতে নিয়মিত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উপযুক্ত কাউকে পাওয়া গেলে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত বৃহস্পতিবার নিয়মিত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছে। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।এ প্রসঙ্গে আলাউদ্দিন বলেন, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তাঁর দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে না। তবে নিয়মিত কর্মকর্তা থাকলে কাজের গতি বেশি থাকত।অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে ১৫ বছর ধরে পূর্ণাঙ্গভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ১৯৯৫ সালে তৎকালীন রেজিস্ট্রার আবদুর রশীদ অবসর নেন। এরপর দায়িত্ব পালন করেন আরও চারজন। কিন্তু সবাই রেজিস্ট্রার পদে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, নিয়মিত ও ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। প্রশাসনিক পদে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকায় কার্যক্রমে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, এ সমস্যা অনুভব করেই সম্প্রতি বিভিন্ন পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।পরীক্ষা নিয়ন্ত্রক পদে ১৯৯৪ সালের ৩০ মের পর আর কাউকে নিয়মিত নিয়োগ দেওয়া দেওয়া হয়নি। এরপর এ পদে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে ছয়জন দায়িত্ব পালন করেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. মোজাফফর হোছাইন।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক পদ প্রায় ২০ বছর ধরে খালি। সর্বশেষ পূর্ণাঙ্গ গ্রন্থাগারিক শামসুল আলম অবসর নেন ১৯৯১ সালের ৩০ জানুয়ারি। এরপর ১২ জন ভারপ্রাপ্ত হিসেবে গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন।বর্তমান ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আবু তাহের বলেন, তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন আড়াই বছর ধরে। পূর্ণাঙ্গ দায়িত্বে থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এ পদে সাতবার বিজ্ঞপ্তি দিলেও কেউ আবেদন করেনি।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মনীন্দ্র কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় গত বছর। আর নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছেন বজল হক। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু সাঈদ হোসেন।আবার হিসাব নিয়ামক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন মু. আবদুল মোনায়েম। সর্বশেষ ৪৭৫তম সিন্ডিকেট সভায় তাঁর নিয়োগ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এ পদেও কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।