ভারী বর্ষণে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা
চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণ হচ্ছে। এতে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর, বাকলিয়া, চাক্তাইসহ নগরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসী দুর্ভোগে পড়েছে। জানা গেছে, চট্টগ্রামে গত তিন দিন টানা বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নগরের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়।পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি অমাবস্যার কারণে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় জেলা ও অদূরবর্তী দ্বীপগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মাছ ধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে নিরাপদ অবস্থানে থেকে চলাচল করতে বলা হয়েছে।