ভারী বৃষ্টি ও ভূমি ধসের আশঙ্কা
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অতি বৃষ্টির কারণে ভূমি ধসের আশঙ্কাও করা হচ্ছে। সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে টেকনাফ, কক্সবাজার ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভূমি ধসের আশঙ্কা করা হয়। উত্তর বঙ্গোপসাগর এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে আজ মঙ্গলবার এই সতর্কবার্তা জারি করা হয়।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্কসংকেত জারি করে।এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।