ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
রাতভর ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামে নগরের বেশির ভাগ এলাকা হাঁটু থেকে বুকসমান পানিতে তলিয়ে গেছে। গতকাল শনিবার রাত থেকে এই বৃষ্টি শুরু হয়। আজ রোববার সকাল পর্যন্ত তা অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর আজ সকাল নয়টা পর্যন্ত নগরে ১৯১ দশমিক ৫ মিলিমিটার (আমবাগান কেন্দ্রে) বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর আগে গত ২৬ জুন নগরে রেকর্ড ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেবার চট্টগ্রামের বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং পাহাড়ধসের ঘটনা ঘটেছিল।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে থেমে থেমে হালকা বৃষ্টি শুরু হয়। তবে রাত সাড়ে ১১টা থেকে ভারী বৃষ্টিপাত হতে থাকে। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়। মুষলধারে টানা বর্ষণে রাতেই নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পানি ঢুকে পড়ে বাসা-বাড়ি ও দোকানপাটেও।বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, কাপাসগোলা, ষোলোশহর, চকবাজার, চাক্তাই, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, মোগলটুলি, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে বুকসমান পানিতে তলিয়ে যায়। এসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।