সপ্তম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভালুকাচাঁদপুর সবুজ সংঘ ৪-৩ গোলে বাবুলিয়া সপ্তগ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করেছে। ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল জয় না পাওয়ায় শেষে টাইব্রেকারে ভালুকাচাঁদপুর সবুজ সংঘ ৪ গোল ও বাবুলিয়া সপ্তগ্রাম ফুটবল একাদশ ৩ গোল করে।ব্রহ্মরাজপুর ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে আটটি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি নূরুল আমীন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম শওকাত হোসেন, শাহাজান আলী, শেখ আব্দুর রশিদ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান স ম শহীদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।