ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার কাঁঠালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বাসচালক মোখলেস (৩৫) এবং পোশাকশ্রমিক রাকিবুল হাসান (২০) ও এনামুল (২৫)। তাঁদের বাড়ি ত্রিশালে। বাসের অন্য যাত্রীরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।ভালুকা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো আজও তৈরি পোশাক কারখানা স্কয়ার ফ্যাশনের বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকায় যাচ্ছিল। পথে কাঁঠালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ১২ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।ভালুক থানার উপপরিদর্শক (এসআই) কাজী আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।