ভালুকের কবলে ষাঁড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাঁড়ের মতো ছুটছিল শেয়ারবাজার। সব ধরনের সতর্কতা উপেক্ষা করেই ভালো-মন্দ প্রায় সব ধরনের শেয়ারের দর বাড়ছিল খ্যাপা ষাঁড়ের মতোই। সেই ষাঁড়ের ছুটে চলা থমকে গেছে। শেয়ারবাজার এখন ভালুকের কবলে, ঝিমুচ্ছে।নতুন বছরে টানা চার দিন শেয়ারবাজারে দরপতন দেখলেন প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারী। টানা দরপতনে পুঁজি হারিয়ে বিক্ষুব্ধ তাঁরা। এর মধ্যে আবার গত প্রায় এক বছরে নতুন করেই বাজারে ঢুকেছেন ১৫ লাখের বেশি বিনিয়োগকারী। তবে বাজার বিশেষজ্ঞরা মূল্য সংশোধনের পক্ষে। মূলত তারল্য-সংকট এবং বিক্রির চাপের কারণেই বাজারের এই দশা বলে মনে করা হচ্ছে।এদিকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, বাজার স্থিতিশীল রাখতে আগামী রোববার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আলোচনার মাধ্যমেই পুঁজিবাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেবে এসইসি।নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম লেনদেন দিবসে বাজার ছিল খানিকটা চাঙা। এর পরের চার দিনের টানা পতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৫৬৯ পয়েন্ট কমে গেছে। এ সময়ে লেনদেন কমেছে ৬৪৩ কোটি টাকার বেশি। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে সাধারণ মূল্যসূচক ২১৩ দশমিক ২১ পয়েন্ট বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে গেছে। এ ছাড়া লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ৬০ কোটি টাকা কমেছে।নতুন বছরের প্রথম কার্যদিবস গত রোববার সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৮৩০৪ দশমিক ৫৮ পয়েন্ট হয়েছিল। ওই দিন ডিএসইতে এক হাজার ৬১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। কিন্তু গতকাল সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্যসূচক ২১৩ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়ায় সাত হাজার ৭৩৫ দশমিক ২২ পয়েন্টে। এদিন লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৯৬৯ কোটি ৮৭ লাখ টাকা।শেয়ারবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজার অনেক দিন ধরেই অতিমূল্যায়িত, যা সবাই বলে আসছেন। তাই এর সংশোধন অনিবার্য। এখন সেই সংশোধনটাই হচ্ছে। মির্জ্জা আজিজ এই পর্যায়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়ে বলেন, জবরদস্তিমূলকভাবে বাজার ধরে রাখার চেষ্টা না করাই ভালো। বরং নিজস্ব গতিতেই বাজার এগিয়ে গেলে তা দীর্ঘ মেয়াদে বাজারের জন্য লাভজনক হবে।এসইসির সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, বিনিয়োগকারীদেরও একটা বার্তা পাওয়া উচিত যে প্রতিদিনই দাম বাড়বে না। প্রতিদিনই লাভ হবে না। তাঁদের আরও বুঝতে হবে, যাচাই-বাছাই না করে বিনিয়োগ করাটাও ঠিক নয়। এদিকে শেয়ারবাজারের টানা চার দিনের দরপতনকে কেন্দ্র করে গতকালও রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। এ নিয়ে তাঁরা পরপর দুই দিন বিক্ষোভ করলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ইটপাটকেল ছুড়ে একটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেন। বিক্ষোভ দমন ও রাস্তায় গাড়ি চলাচল সচল করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জন বিক্ষোভকারীকে আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন বুধবার সকাল থেকেই বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু গতকাল বাজারে বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। প্রথমে কয়েকজন বিনিয়োগকারী স্লোগান দেওয়া শুরু করেন। পরে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে লেনদেন শেষ করে বাড়ি ফেরার পথে অন্য বিনিয়োগকারীরা বিক্ষোভে অংশ নেন। আবার অনেকে মিছিল করতে করতে ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে আসেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা এ সময় পতন ঠেকাতে বিক্ষোভ করার পাশাপাশি সরকারের হস্তক্ষেপও চেয়েছেন। আগের দিনের দরপতনের পর গতকাল ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৩ পয়েন্ট বেড়ে যায়। এর পরই শুরু হয় দরপতন। দিনের একপর্যায়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র সাতটি। তবে লেনদেন শুরুর কয়েক ঘণ্টায় মূল্যসূচক পতনের মাত্রা খুব বেশি ছিল না। কিন্তু শেষ ঘণ্টায় এসে পতনের তীব্রতা বেড়ে যায়। ফলে আগের দিনের চেয়ে সূচকের প্রায় ২১৩ পয়েন্ট পতন দিয়ে লেনদেন শেষ হয়। এ ধরনের পতন বিনিয়োগকারীদের ক্ষোভ বাড়িয়ে দেয়। এ কারণে লেনদেন চলাকালে কোনো বিনিয়োগকারী রাস্তায় না নামলেও লেনদেন শেষে তাঁরা রাস্তায় নেমে আসেন। কয়েকজন বিনিয়োগকারী প্রথম আলোকে জানান, তারল্য-সংকটের কারণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না। আবার অনেক বিনিয়োগকারী বড় ধরনের কেনাবেচা করতে পারছেন না। কারণ এসইসির নিয়ম অনুযায়ী, একজন বিনিয়োগকারীর হিসাব থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকার শেয়ার লেনদেন করা যাবে। এ ছাড়া নতুন কোনো বিনিয়োগকারীও অর্থ বিনিয়োগ করছেন না। কারণ, নতুন হিসাব খুলে বিনিয়োগ করলে ৩০ কার্যদিবসের মধ্যে ঋণসুবিধা পাওয়া যায় না। ফলে বাজারে লেনদেন বাড়ানো সম্ভব হচ্ছে না। বিনিয়োগকারীরা গ্রাহকের হিসাবে বিনিয়োগের সীমা প্রত্যাহার ও নতুন হিসাবে ঋণসুবিধা চালুর দাবি জানিয়েছেন।বাজারচিত্র: ডিএসইতে গতকালের সূচকের ঊর্ধ্বগতির স্থায়িত্ব ১০ মিনিটের বেশি ছিল না। প্রথম পাঁচ মিনিটে সাধারণ সূচক ৭৩ পয়েন্ট বেড়ে গেলেও দিনশেষে তা আগের দিনের চেয়ে ২১৪ পয়েন্ট কমে যায়। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম। ডিএসইতে বৃহস্পতিবার ২৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৩১টিরই দাম কমেছে, বেড়েছে কেবল ১২টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। পাশাপাশি গতকাল ডিএসইর লেনদেন হাজার কোটি টাকারও নিচে নেমে এসেছে। গতকাল দিনশেষে ঢাকার বাজারে প্রায় ৯৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, গত আট মাসের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে সদ্যবিদায়ী বছরের ১৯ এপ্রিল ৯৬৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।উল্লেখ্য, গত সোমবার থেকেই ডিএসইতে দরপতন শুরু হয়। সোমবার ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১২০ পয়েন্ট কমেছিল। এর পর মঙ্গল ও বুধবার সূচক কমে যথাক্রমে ২০৪ ও ৩২ পয়েন্ট। আর গতকাল কমল ২১৩ পয়েন্ট। চট্টগ্রাম শেয়ারবাজার: সিএসইতেও গতকাল দরপতন হয়েছে। সিএসই সাধারণ মূল্যসূচক ৪৯১ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ১৮ শতাংশ কমে ২২ হাজার ৩ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল মোট ৯৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ১২১ কোটি ৫১ লাখ টাকা।