পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। মুঠোফোনে খুদেবার্তা ও ওয়েবসাইটের পাশাপাশি এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-মেইলের মাধ্যমে ফল পাঠিয়ে এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে শিক্ষা বোর্ডগুলো। কিছু বিড়ম্বনা বাদ দিলে তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্টরা এই কাগজবিহীন ফল প্রকাশকে বড় অগ্রগতি বলে মানছেন। তবে বোর্ডগুলোও বিকল্প ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে আগের মতো কাগজে ছাপা ফলাফলের তালিকাও রেখেছিল। বেশ কিছু কলেজ ই-মেইলে ফল ডাউনলোড করতে না পেরে জেলা প্রশাসকের দপ্তর ও কেন্দ্র থেকে ফল সংগ্রহ করে প্রকাশ করেছে। এত দিন সিলগালা প্যাকেটে করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাঠানো হতো। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে জানান, বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুই ঘণ্টার ব্যবধানে ই-মেইলে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ফল ডাউনলোড করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থা আরও উন্নত করা হবে। তবে তিনি স্বীকার করেন, প্রথমবার হওয়ায় কিছু সমস্যা হতে পারে জেনেই বিকল্প ব্যবস্থা রাখা হয়। তিনি বিষয়টিকে শিক্ষার জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।মনজুরুল কবীর আরও জানান, একই সময়ে (প্রথম দুই ঘণ্টায়) ওয়েবসাইটে ২১ লাখ মানুষ ফল সংগ্রহ করেছে। আর খুদেবার্তার মাধ্যমে ফল জেনেছে ১৬ লাখ মানুষ।তবে বেশ কিছু কলেজে ই-মেইলে ফল পেতে সমস্যার কথা জানিয়েছে। এবারের ফলাফলে পঞ্চম স্থানে অবস্থান করা নটর ডেম কলেজে কয়েক ঘণ্টা চেষ্টা করেও ই-মেইলে ফল ডাউনলোড করতে পারেনি। নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা প্রথম আলোকে বলেন, পরে বিকল্প ব্যবস্থায় রাখা কপি এনে ফল প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘উদ্দেশ্যটি ভালো। কিন্তু কেন এমন হলো, বুঝতে পারছি না। যান্ত্রিক ত্রুটি কি না, তাও জানি না।’ ঢাকা বোর্ডের চতুর্থ স্থানে থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও ফল সংগ্রহে সমস্যা হয়। অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা মঞ্জুআরা বেগম প্রথম আলোকে জানান, তাঁদের প্রতিষ্ঠানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করে পরে কেন্দ্র থেকে বিজ্ঞানের ফল এনে প্রকাশ করা হয়। তবে সাড়ে চারটার দিকে মানবিক ও ব্যবসায় শিক্ষার ফল ডাউনলোড করে প্রকাশ করা হয়। প্রথমবার হওয়ার কারণে কিছু অসুবিধা হয়েছে উল্লেখ করে মঞ্জুআরা বেগম বলেন, আশা করি, আগামীতে এই ব্যবস্থা আরও উন্নত করা হবে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে এটা প্রয়োজন।