প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। গণিত তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। আসলে গণিত সঠিকভাবে চর্চা করলে তোমাদের কাছে বিষয়টি অনেক সহজ মনে হবে। তাই গণিতে ভালো ফলের জন্য পরীক্ষার পূর্বপ্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার।পূর্বপ্রস্তুতিগণিতে ভালো ফলের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তাই মনোযোগ দিয়ে সিলেবাস, সিলেবাসের প্রশ্নের ধরন ও মানবণ্টন অনুসরণ করে প্রতিদিন একটি করে অংশ এমনভাবে চর্চা করতে হবে, যেন ওই অংশের ধারণা পরিষ্কার হয়। বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেগুলো আগে আয়ত্তে আনবে এবং কম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখবে। মনে রাখবে, গণিতে সামান্য ভুলের জন্যও সম্পূর্ণ নম্বর কাটা যায়, তাই অন্য বিষয়ের চেয়ে গণিতে বেশি সময় দিতে হবে। সিলেবাসে প্রশ্নের ধরন ও মানবণ্টন অনুসরণ করে প্রতিদিন একটি করে অংশ এমনভাবে চর্চা করতে হবে, যেন ওই অংশের ধারণা স্পষ্ট হয়। অধিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে আয়ত্তে আনবে, কম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেই হবে। বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগকৌশল অবশ্যই প্রতিদিন চর্চা করবে। প্রতিদিনই কমপক্ষে দুটি করে জ্যামিতির চিত্র অঙ্কনসহ বিবরণ লিখবে। জ্যামিতি কখনোই না বুঝে মুখস্থ করবে না। চিত্র সঠিকভাবে আঁকতে শিখবে এবং চিত্র অনুসারে বুঝে বর্ণনা লিখবে। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করবে। মনে রাখবে, যথাযথ অনুশীলনই গণিতে পূর্ণ নম্বর পাওয়ার পূর্বশর্ত। পরীক্ষার হলে যাওয়ার পূর্বপ্রস্তুতি পরীক্ষা ভালো হওয়ার পূর্বশর্ত হলো তার পূর্বপ্রস্তুতি। এ জন্য দরকার— আগের রাতে একটি বক্সে প্রবেশপত্র, পেনসিল-রাবার, স্কেল, কম্পাসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখবে। কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ১৫-২০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করবে।পরীক্ষার হলে করণীয় বিষয় প্রথম পরীক্ষার দিন একটু সতর্কতার সঙ্গে রোল, রেজি. নম্বর, সেটকোড অবশ্যই শুদ্ধভাবে ভরাট করবে। মনে রাখবে, এ বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার কক্ষে কোনো সমস্যা হলে দাঁড়িয়ে কর্তব্যরত পরিদর্শককে জানাবে। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর লেখা শুরু না করে প্রথমে প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেবে এবং যে উত্তরগুলো ভালোভাবে লিখতে পারবে, সেগুলো আগে লিখবে। সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবে। এমনভাবে সময় বণ্টন করবে, যাতে উত্তর শেষ করার অন্তত ১০ মিনিট সময় রিভিশনের জন্য থাকে। কোনো উত্তরে কাটাকাটি বা ঘষাঘষি করবে না। প্রয়োজনে সম্পূর্ণ কেটে পুনরায় লিখবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের নম্বর ও সংখ্যাগুলো মিলিয়ে নেবে।ভালো ফলের জন্য মনে রেখো উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে। আসন্ন উত্তরে প্রায় কথাটি লিখতে হবে। যথাস্থানে সমান (=) বন্ধনী চিহ্ন না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে। বীজগণিতের সমাধান পাটিগণিতীয় নিয়মে করবে না। কিন্তু পাটিগণিতীয় সমাধান বীজগণিতীয় নিয়মে করা যাবে। কোনো বিতর্কিত নিয়মে অঙ্ক না করে গতানুগতিক নিয়মে সমাধান করাই ভালো। সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ, সাইড নোট উল্লেখ করবে। প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে অথবা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের মিল না থাকলে নম্বর পাবে না। সম্পাদ্যের চিত্র নিখুঁতভাবে আঁকতে হবে। বর্ণনা না লিখলেও শুধু চিত্রের জন্য আংশিক নম্বর বরাদ্দ থাকে। বিশেষ নির্বাচন চিত্রের পরে লিখবে। সাধারণ নির্বাচন না লিখলেও হবে। বিশেষ নির্বাচন চিত্রের ওপরে লিখলে বা বিশেষ নির্বাচন ভুল হলে কোনো নম্বর পাবে না। জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে আঁকবে। গ্রাফের অঙ্ক সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে এর পাশে গ্রাফ পেপার লাগিয়ে দেবে।