ভালো করতে মুখস্থ নয়, বুঝে পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকাএসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি পত্রই সমান গুরুত্বপূর্ণ। সামাজিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক বিজ্ঞানের প্রতি বেশি মনোযোগী হবে। পরীক্ষার প্রথম দুই ঘণ্টায় তোমাদের রচনামূলক ১২টি প্রশ্নের উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্নগুলো (যেগুলোর পূর্ণমান ৫ বা ৬) ১৩-১৪ মিনিটে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো (যেগুলোর পূর্ণমান ৩) ৬-৭ মিনিটে লিখে শেষ করতে হবে। সামাজিক বিজ্ঞান পাঠ্যবইটির বিভিন্ন অধ্যায়ের অন্তর্ভুক্ত পরিচ্ছেদগুলোর বিষয় ও এর অন্তর্ভুক্ত ছোট ছোট বিষয়ের শিরোনাম, পয়েন্ট, তথ্য ইত্যাদি সঠিকভাবে মনে রাখার জন্য বারবার রিভিশন প্রয়োজন। বইয়ের কথাগুলো হুবহু না লিখে প্রশ্ন অনুযায়ী মূল কথাগুলো নিয়ে পয়েন্টভিত্তিক সাজিয়ে উত্তর এমনভাবে তৈরি করতে হবে যেন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়। সমাজবিজ্ঞানের অংশটি বেশ বড়। এখানে সংজ্ঞা, বিভিন্ন সম্পর্ক, স্তরবিন্যাস, নির্ধারকগুলোর তথ্য সঠিকভাবে লিখতে হবে। বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্যের বিন্যাস সঠিকভাবে করতে হবে। ইতিহাস অংশটিও বড়। এখানে বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারকের জন্ম-মৃত্যু, তাঁদের কাজ, বৈশিষ্ট্যসহ বিভিন্ন আন্দোলনের খুঁটিনাটি সব তথ্যই সঠিকভাবে লিখতে হবে। ভুল লিখলে নম্বর কমে যেতে পারে। বিভিন্ন আন্দোলন, আইন, সংস্কার, বিদ্রোহ, চুক্তি স্বাক্ষর সম্পর্কে ভালো করে জেনে রাখবে। এ অংশেও বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত বিস্তারিত তথ্য মনে রাখবে। ভূগোল অংশটিও সামাজিক বিজ্ঞানে রয়েছে। সৌরজগত্, পৃথিবীর গতি, শিলা, জোয়ার-ভাটা অংশে প্রয়োজনীয় ছবি দিতে হবে। বাংলাদেশ অংশের প্রশ্নের অবশ্যই মানচিত্র দিতে হবে। মানচিত্র তাড়াতাড়ি আঁকতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। পৌরনীতি অংশে অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে যা মনোযোগ দিয়ে পড়বে। এছাড়া কার্যাবলি, মূলনীতি, বৈশিষ্ট্য ইত্যাদি ভালো করে পড়বে। বাংলাদেশ-বিষয়ক অনেক তথ্য ভালো করে সঠিকভাবে শিখবে। অর্থনীতি বিষয়ের বিভিন্ন সংজ্ঞা, তথ্য-উপাত্ত সঠিকভাবে দিতে হবে। ভুল হলে নম্বর কমে যেতে পারে। এ অংশেও বাংলাদেশ-বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হবে। জনসংখ্যা শিক্ষা বিভাগের প্রশ্নগুলোও গুরুত্ব দিয়ে পড়বে। সঠিক তথ্য ও তত্ত্ব দিয়ে উত্তর লিখবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ: এ অধ্যায়টি গুরুত্বপূর্ণ, তাই বুঝে পড়বে। উত্তর যেন ভালো হয়, সেদিকে খেয়াল রাখবে।