প্রিয় শিক্ষার্থী, রসায়ন বিষয়ের ওপর পরামর্শমূলক আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সৃজনশীল প্রশ্নোত্তর। প্রথমত: জ্ঞানমূলক প্রশ্ন: এটির উত্তর বই থেকে সরাসরি লিখবে এবং যদি সম্ভব হয় তবে উদাহরণ দেবে। যেমন: ক) অণু কী? সংজ্ঞা+উদাহরণ দেবে। দ্বিতীয়: অনুধাবনমূলক প্রশ্ন: এ অংশে যে বিষয়টির ওপর জোর দেওয়া হয়, তার ধারণা আগে লিখে তারপর মূল অংশের উত্তর লিখবে। যেমন: খ) গ্যাস আয়তন সূত্রের ক্ষেত্রে এসটিপি প্রয়োজ্য হবে কেন? এ ক্ষেত্রে গ্যাস আয়তন সূত্রের বিবৃতি লিখবে+এসটিপির বিষয়টি ব্যাখ্যা করবে। তৃতীয়ত: প্রয়োগমূলক প্রশ্ন: এ অংশে গাণিতিক সমস্যা, বিক্রিয়া বা তার ক্রিয়াকৌশল, প্রমাণ, প্রস্তুতি ইত্যাদি বিষয়-সম্পর্কিত প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকে প্রদত্তডেটা খাতায় লিখে উত্তর করবে। আর এ ক্ষেত্রে উদাহরণ এমনভাবে দেবে, যেটি একটু চিন্তা করে বইবহির্ভূত হয় এমন। এ ক্ষেত্রে তোমার নিজস্ব ধ্যান-ধারণার উন্মেষ ঘটবে, যেটি সৃজনশীলতার অন্যতম উদ্দেশ্য। চতুর্থত: উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন: এ অংশে তোমার নিজস্ব চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে উদ্দীপকের উপাত্তের সাহায্যে বিষয়বস্তু বা প্রশ্নোত্তর এমনভাবে উপস্থাপন করবে, যাতে উত্তরটি যথেষ্ট Informative এবং ধারাবাহিকভাবে একটির পর একটি বিন্যস্ত হয়। এ ক্ষেত্রে উদাহরণ অবশ্যই দিতে হবে। নৈর্ব্যক্তিক অংশ: এই অংশে জ্ঞানমূলক প্রশ্ন থাকে ১৪টি, যা সাধারণত (সরাসরি) বই থেকে উদ্ধৃত হয়। এ ক্ষেত্রে বইয়ের লেখা আন্ডারলাইন করে পড়ার কোনো বিকল্প নেই। অনুধাবন প্রশ্ন থাকে ১০টি। এ ক্ষেত্রে অনেক জানা বিষয় অসতর্কতার কারণে ভুল হয়। তাই মৌলিক জ্ঞান অর্জন সাপেক্ষে প্রশ্ন ভালো করে পড়ে উত্তর করবে। প্রয়োগমূলক প্রশ্ন থাকে সাতটি। এ ক্ষেত্রে গাণিতিক সমস্যা বিক্রিয়া গণনা থাকে, যা বারবার পাঠ্যবই অনুশীলনের মাধ্যমে সমাধান করা সহজতর হয়। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে চারটি। এ ক্ষেত্রে একটি প্রশ্নের সাহায্যে বিভিন্ন অধ্যায়ের জ্ঞান যাচাইয়ের জন্য পাজল ধরনের প্রশ্ন করা হয়, যা ভালোভাবে খেয়াল না করলে ভুল হয়ে যায়। সে ক্ষেত্রে প্রশ্নটি ভালো করে পড়ে একটু চিন্তা করাটা খুবই জরুরি। তাই সৃজনশীল প্রশ্নোত্তরের ক্ষেত্রে নিজস্ব মতামত, বুদ্ধি ও মৌলিক জ্ঞান প্রয়োগ করে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর প্রদান করা একান্ত জরুরি।