ভালো করে মুক্ত পৃথিবীর আলো দেখার আগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামবর্ণের তুলতুলে শরীর। কচি কচি হাত-পাগুলো সোজা করে মেলে ধরা। চোখের পাতা বন্ধ। দেখলে মনে হবে, ঘুমাচ্ছে নবজাতকটি। কিন্তু দৃশ্যটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের। জন্মের মাত্র ২৫ ঘণ্টা পরই মৃত্যু হয়েছে শিশুটির।মা হাজতি হওয়ার কারণে নবজাতকটিরও ঠিকানা হয়েছিল কারাগার। সেখানে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় তাকে। কারাগারের হাসপাতালে একটি সদ্যোজাত শিশুকে পাঠানো কতটা যুক্তিসংগত বা কারা হাসপাতালে কবে নবজাতক পরিচর্যার উপযুক্ত ব্যবস্থা অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে হয়তো বিতর্ক চলতে পারে। কিন্তু মায়ের কোল খালি করে শিশুটি এখন সবকিছুর ঊর্ধ্বে। ভালো করে মুক্ত দুনিয়ার আলো দেখার আগেই চলে গেল সে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, নবজাতকের মায়ের নাম হোসনা বেগম। তিনি পল্লবী থানার একটি মাদক মামলার আসামি ছিলেন। আদালত তাঁকে কয়েক মাস আগে (৭ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। গত রোববার সকালে সন্তান প্রসবের জন্য হোসনা বেগমকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। পরের দিন সোমবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের ছাড়পত্র নিয়ে প্রসূতিকে নবজাতকসহ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কারাগারে নেওয়ার ১২ ঘণ্টা পর রাত আড়াইটার দিকে শিশুটির অবস্থার অবনতি ঘটে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, কারাগারে নেওয়ার পর মাসহ নবজাতককে সেখানকার হাসপাতালে রাখা হয়েছিল।ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (গাইনি) ফেরদৌসী ইসলাম প্রথম আলোকে বলেন, জন্মের পর মা ও নবজাতক সুস্থ ছিল। নিয়ম অনুযায়ী, স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব হলে এবং উভয়ে সুস্থ থাকলে ১২ ঘণ্টা পর ছাড়পত্র দেওয়া হয়। তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়ার পর ওই নবজাতকের কী সমস্যা হয়েছিল তা ময়নাতদন্ত প্রতিবেদন থেকেই জানা যাবে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) এখলাসুর রহমান বলেন, সাধারণত জন্মের পর রক্ত সংক্রমণ, শ্বাসকষ্ট, স্বল্প ওজন ইত্যাদি কারণে নবজাতক মারা যেতে পারে। মায়ের শরীরের নিচে চাপা পড়েও শিশুর মৃত্যু হতে পারে। অধ্যাপক এখলাসুর রহমান আরও জানান, সদ্যোজাত শিশুর কোনো রোগ, বিশেষ করে শ্বাসকষ্ট থাকলে তাকে সাত থেকে ১০ দিন চিকিৎসাধীন রাখতে হয়। আবার রোগ না থাকলেও বিশেষ যত্নে নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। কারাগারে নবজাতকের জন্য আলাদা পরিচর্যার ব্যবস্থা আছে কি না জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, সে ধরনের কোনো ব্যবস্থা নেই। নিয়ম হচ্ছে, আসামি মা কারাগারের হাসপাতালে থাকবেন। নবজাতকও তাঁর সঙ্গেই থাকবে।শিশুটির সুরতহাল প্রতিবেদন করেন চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পেতে সময় লাগবে।