ভালো কাজ করলে বলা হয় রাজাকার: মকবুল আহমাদ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, কেউ ভালো কাজ করলে বলা হয়, সে জঙ্গি হয়েছে, মৌলবাদী হয়েছে, রাজাকার হয়েছে, স্বাধীনতাবিরোধী হয়েছে। তাই গালাগালির ভয়ে অনেকেই কিছু করে না। আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মকবুল আহমাদ বলেন, তিনটি কারণে মানুষ ভালো কাজ করে না। এগুলো হলো—লোকভয়, রাজভয় ও মৃত্যুভয়। তিনি এসব ভয় না পেতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। দলের নেতা-কর্মীদের প্রতি মকবুল আহমাদ বলেন, ‘আপনারা কোনো ভয় পাবেন না। আল্লাহ এই কঠিন সময়ে পথ খুলে দেবে।’ তিনি জামায়াতের তহবিলে জাকাতের টাকা দেওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে বাহাত্তরের সংবিধানের নামে তারা (সরকার) ইসলামী রাজনীতি নিষিদ্ধের দুঃসাহস দেখাচ্ছে।