ভালো কাজ করে দেশকে বদলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত দুই দিন ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু গতকাল শুক্রবার সকাল থেকেই রোদের আলোয় হেসে ওঠে শহর সিলেট। ধীরে ধীরে বেলা গড়ায়। নেমে আসে সন্ধ্যার আবছায়া। অগ্রহায়ণের সন্ধ্যায় শীতের আমেজ গায়ে মেখে নগরের উপশহর এলাকার উইন্টার গার্ডেনে একে একে জড়ো হন প্রথম আলোর শুভানুধ্যায়ী বন্ধুরা। সেই তালিকায় কে না ছিল? বৃহত্তর সিলেটের বিভিন্ন দলের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সবার উদ্দেশে আহ্বান জানানো হয়, ‘আসুন, দেশকে মায়ের মতোই ভালোবাসি। একটু একটু ভালো কাজ করে এ দেশকে বদলাই।’ এভাবেই শুভানুধ্যায়ীদের নিয়ে সিলেটে প্রথম আলো পালন করেছে এক যুগ পূর্তির উৎসব। সবাই একসঙ্গে মিলে গভীর আন্তরিকতায় নিবিড়ভাবে উপলব্ধি করেন প্রিয় মাতৃভূমিকে। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সিলেট বিভাগীয় শাখার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে আসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি শুরুতেই শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা, অভিনন্দন জানান। বলেন, ‘চার দিন পর শহীদ বুদ্ধিজীবী দিবস। এরপর বিজয় দিবস। গৌরবোজ্জ্বল এই মাসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। আপনারা-আমরা সবাই মিলে এই দেশটাকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে চাই। মনে রাখতে হবে, এই দেশটা মায়ের মতো।’ মতিউর রহমান বৃহত্তর সিলেটকে ঐতিহ্যের সূতিকাগার উল্লেখ করে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীসহ বহু জ্ঞানী-গুণী এই সিলেটের কৃতী সন্তান। এঁদের অপরিসীম আত্মত্যাগে এই দেশ তিলে তিলে গড়ে উঠেছে। শুধু তা-ই নয়, এই অঞ্চলের ভাটির তিনজন মরমি সাধক সত্য, সুন্দর, মানবতার জয়গান গেয়েছেন। এঁরা হচ্ছেন হাসন রাজা, রাধারমণ ও বাউলসম্রাট শাহ আবদুল করিম।’২০০৪ সালে শাহ আবদুল করিমকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহান এই সাধককে জীবদ্দশায় শ্রদ্ধা জানাতে পেরে আমরা ধন্য। সিলেটের এই কৃতী মানুষটি তাঁর কর্মের মাধ্যমে আমাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। আজকের এই দিনে আমরা তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো যাত্রা শুরুর সময় থেকেই একটি পারিবারিক ও মানবিক সংবাদপত্রে পরিণত হতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমাদের চেষ্টার শেষ নেই। আমরা চাই, এ দেশ স্বাধীনতার চেতনায় নতুন করে জেগে উঠুক। দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যেতে হলে সবাই মিলে কাজ করতে হবে। নিজ নিজ ক্ষেত্র থেকে একটু একটু করে ভালো কাজ করে এই দেশকে বদলাতে হবে।’মতিউর রহমান বলেন, ‘এই বাংলাদেশ ৪০ বছর আগে স্বাধীন হয়েছে। বহু উত্থান-পতনের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের বুকে উঠে দাঁড়িয়েছি। দেশ নিয়ে অনেক হতাশা-দুঃখের কথা শুনি। সেটা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি, চার দশক ধরে দেশ এগিয়ে চলছে। আমাদের অনেক সাফল্য এখন সারা বিশ্বে আলোচিত। আমাদের অর্জন ও সাফল্যের তালিকা দীর্ঘ হচ্ছে।’মতিউর রহমান আরও বলেন, ‘প্রথম আলো সব সময় বস্তুনিষ্ঠ ও স্বাধীন কাগজ হিসেবে কাজ করছে। আমাদের পথচলায় বিভিন্ন সময় উগ্র ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী, ভূমিদস্যু, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ীরা বাধা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও হুমকির মুখেও আমাদের স্বাধীন পথচলা অব্যাহত রয়েছে। আমরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে বিরত থাকিনি। আমাদের এই পথচলায় নিরন্তর সাহস জুগিয়েছেন পাঠক ও শুভানুধ্যায়ীরা। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।’সমাজের উন্নয়নে প্রথম আলোর নানা ধরনের ইতিবাচক কাজের উল্লেখ করে মতিউর রহমান বলেন, ‘শুধু সংবাদ পরিবেশন করেই আমরা কাজ শেষ করিনি। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে এসিড-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, অদম্য মেধাবীদের সংবর্ধনা, দুর্গতের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কাজ করে চলেছি। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।’আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব রণজিৎ দাস, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি আ ন ম শফিক, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি নোমান মাহমুদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যরিস্টার মো. আরশ আলী, সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতারা।স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী। সবশেষে গান গাইতে মঞ্চে আসেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু। তিনি জোয়ান বায়েজের বাংলাদেশ নিয়ে সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ/ লাখো প্রাণের রক্তে রাঙা দেশ’সহ তিনটি গান গেয়ে শোনান। ফাঁকে ফাঁকে চলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান।