বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে রাতের গল্প নিয়ে অনুষ্ঠান ‘রাত বিরাতে’। অনুষ্ঠানের আজকের অতিথি প্রিন্স মাহমুদ। উপস্থাপনা করেছেন সাহেদ। প্রযোজক কাওনাইন সৌরভ। কথা হলো প্রিন্স মাহমুদের সঙ্গে।‘রাত বিরাতে’ অনুষ্ঠানে কোথায় কোথায় ঘুরলেন?একসময় কাজ শেষ করে রাতে উত্তরায় চলে যেতাম। কত যে আড্ডা দিয়েছি। ওখানে আমার অনেক পছন্দের জায়গা আছে। এখন আর যাওয়া হয় না। এই অনুষ্ঠানটির জন্য ওই জায়গাগুলোতে এবার গিয়েছি। বারিধারায় আছেন আসিফ ইকবাল। মাত্র দুই বছর আগেও গান তৈরি করতে গিয়ে অনেক রাত কাটিয়েছি ওনার বাসায়। আমার অন্য পছন্দের জায়গাগুলো হলো রমনা পার্ক, সোহরাওয়ার্দি উদ্যান আর টিএসসি। সব জায়গাতেই গিয়েছি।যেহেতু গান তৈরি করেন, তাই রাতে জেগে থাকার অভ্যাস নিশ্চয়ই আছে। আগে তো রাতেই বেশি কাজ করতাম। তখন অবশ্য অনেক জেগে থেকেছি। এখন সকালের দিকে, মানে ভোরে খুব বেশি কাজ করি।তাহলে এখন আপনার গানে ভোরের একটা প্রভাব পড়ছে?তা তো একটু পড়বেই। আমি নিজেই গান লিখি, নিজেই সুর করি। সব সময়ই নানা ধরনের সুর নিয়ে কাজ করার চেষ্টা করি। একেবারে নতুন প্রজন্মের কথা ভেবেই এবার কাজ করছি। তবে বড়রাও যেন গানগুলো পছন্দ করে, সেই ব্যাপারটাও মাথায় রাখি।নতুন অ্যালবামের গানে কোন শিল্পীরা কণ্ঠ দিচ্ছেন?ওটা এখনো ঠিক করিনি। আমি কিন্তু নিজের কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে। যতক্ষণ না নিজের পছন্দ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গানটি চূড়ান্ত করতে পারি না। তাই কাজের জন্য সময়টাও একটু বেশি লাগে। এবার আপনার নতুন অ্যালবাম ‘নির্বাচিতা’ নিয়ে কিছু বলুন।দুই বছর পর নতুন অ্যালবাম করেছি। আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। যাঁরা প্রশংসা করছেন, বুঝতে পারছি তাঁরা জেনে-বুঝে বলছেন। আমাদের এখানে কিন্তু ভালো গানের শ্রোতা আছে। আর এ সময়ের শিল্পীরাও এ ধরনের গান করতে আগ্রহী হচ্ছেন। সব মিলিয়ে বলব, ভালো গানের চাহিদা ফুরিয়ে যায়নি।