ছায়ানট আজ আয়োজন করেছে ‘মাসিক শ্রোতার আসর’। এই অনুষ্ঠানে আজ শুক্রবার গান করবেন দুজন শিল্পী—শাহীন সামাদ ও মোহিত খান। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। কথা হলো শাহীন সামাদের সঙ্গে।‘মাসিক শ্রোতার আসর’ অনুষ্ঠানটি আয়োজনের উদ্দেশ্য কী?বড় উদ্দেশ্যটি হলো শ্রোতা তৈরি। পাশাপাশি ভালো গান শোনার কান তৈরি করা। এখন তো নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমরা কিন্তু একটা প্রজন্মের মধ্যেই আটকে আছি। নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও তো ভালো গান শোনার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। তাদেরও ভালো-মন্দ বোঝার সুযোগ করে দিতে হবে। আরেকটি ব্যাপার হলো, সাধারণত কোনো অনুষ্ঠানে একটি কিংবা দুটি গান আমরা শিল্পীরা শোনানোর সুযোগ পাই। কিন্তু তাতে যেমন একজন শিল্পীরও মন ভরে না, অপর দিকে শ্রোতারা ওই শিল্পীর গানের ব্যাপারে পূর্ণ ধারণা পান না। ছায়ানটের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি।আজকের অনুষ্ঠানে কী ধরনের গান করার ইচ্ছা আছে?আমি নজরুলসংগীতের শিল্পী। তবে নজরুলের গান করব চারটি। বেশি করব রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, দাদরা, ঠুমরি, টপ্পা আর মীরার ভজন। কাল শনিবার দুপুরে আবার দেশ টিভিতে আমার একক অনুষ্ঠান আছে। ওখানে তো আরও বেশি গান করতে হবে। সব দিক বিবেচনা করেই গান নির্বাচন করছি।দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন?তিন ঘণ্টার অনুষ্ঠান। অনেক গান গাওয়ার সুযোগ পাব। শ্রোতারা তো আমার কাছ থেকে প্রায় একই ধরনের গান শোনেন। এসব বড় অনুষ্ঠানে নানা স্বাদের গান করার সুযোগ থাকে। এই সুযোগটা কাজে লাগানোর ইচ্ছা আছে।এবার নতুন অ্যালবামের খবর বলুন।মাত্র তো গত বছর লেজার ভিশন থেকে আমার দুটি অ্যালবাম বেরিয়েছে—নজরুলসংগীতের সন্ধ্যাতারা এবং হারানো দিনের গান নিয়ে নিশিরাত। এ বছর আর কিছু ভাবছি না। তবে ছায়ানটের স্টুডিওতে নানা ধরনের ২৫টি গান রেকর্ড করিয়েছি। এগুলো নিয়ে আগামী বছর একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশ করব।