ভালো চলছে না কমিউনিটি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে তৈরি করা কমিউনিটি ক্লিনিকগুলো ঠিকমতো চলছে না। অনুসন্ধানে দেখা গেছে, ক্লিনিকগুলো সপ্তাহে দু-তিন দিন খোলা থাকছে। মাঠকর্মীরা নিয়মিত ক্লিনিকে যান না। অন্যদিকে ক্লিনিক পরিচালনার নতুন পদে ক্ষমতাসীন দলের সমর্থকদের নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। আছে আরও নানা অসংগতি।মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য খাতের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে।’মন্ত্রণালয়ের কাগজপত্রে দেখা যায়, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে সারা দেশে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরির পরিকল্পনা করে। ২০০১ সাল পর্যন্ত ১০ হাজার ৭২৩টি ক্লিনিক নির্মিত হয় এবং এর মধ্যে আট হাজার ক্লিনিক চালু হয়।২০০১ সালে বিএনপির নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। প্রায় সব ক্লিনিক পরিত্যক্ত হয়। অনেক ক্লিনিকের দরজা-জানালা ও আসবাবপত্র চুরি হয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ক্ষমতায় গেলে ক্লিনিক আবার চালু করবে। গত ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় ‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (কমিউনিটি ক্লিনিক প্রকল্প)’ নামের পাঁচ বছর মেয়াদি (২০০৯-২০১৪) উন্নয়ন প্রকল্প পাস হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৭৭ কোটি টাকা। গত সপ্তাহে প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বর্তমানে ১০ হাজার ৪৭৯টি ক্লিনিক চালু আছে।মাঠের পরিস্থিতি: ২০ অক্টোবর, ২০১১। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের মেহেরিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকটি সকাল ১০টায় বন্ধ ছিল। মুঠোফোনে যোগাযোগ করলে স্বাস্থ্য সহকারী নূরুল আলম হেলালী বলেন, তিনি জরুরি কাজে মহেশখালী সদরে গেছেন। ১২টার দিকে এসে ক্লিনিক খুলবেন।বেলা ১১টায় একই ইউনিয়নের পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকটিও বন্ধ পাওয়া যায়। এই ক্লিনিকে যাওয়ার রাস্তা নেই। ক্লিনিকটি রবি, বুধ ও বৃহস্পতিবার খোলা থাকে। মুঠোফোনে যোগাযোগ করার ঘণ্টা খানেক পর এলাকার স্বাস্থ্য সহকারী খালেদ মামুর হাজির হন।খালেদ জানালেন, সপ্তাহে তিন দিন ক্লিনিকে বসেন তিনি। বাকি তিন দিন একজন পরিবার পরিকল্পনা সহকারীর (এফডব্লিউএ) বসার কথা। তবে বসেন না। এই ক্লিনিক থেকে মানুষ পরিবার পরিকল্পনা সেবা পায় না, স্বাস্থ্যসেবা পায়।বেলা একটায় ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া কমিউনিটি ক্লিনিকেও তালা দেখা যায়। আশপাশের মানুষ জানালেন, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী দুজনই নারী। তাঁরা একটি বাড়িতে টিকা দেওয়ার কাজে ব্যস্ত। ওই বাড়িতে গেলে দুই সহকারী জানান, সোম ও বৃহস্পতিবার টিকা দেন। বুধবার মানুষকে সচেতন করেন। শনি, রবি ও মঙ্গলবার দুজনে একসঙ্গে ক্লিনিকে বসেন।এ অবস্থা শুধু মহেশখালীর তিনটি ক্লিনিকের নয়। অনুসন্ধানে দেখা গেছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার কৈকুড়ি কমিউনিটি ক্লিনিক সপ্তাহে দুই দিন খোলা থাকে। এই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী দুজনই নারী। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণকুল কমিউনিটি ক্লিনিকে কোনো পরিবার পরিকল্পনা সহকারী নেই। শনি ও মঙ্গলবার ক্লিনিকটি খোলা রাখেন স্বাস্থ্য সহকারী। একই উপজেলার মহজমপুর কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহে এক দিন খোলেন শুধু স্বাস্থ্য সহকারী। পরিবার পরিকল্পনা সহকারী কখনো আসেন না। বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহের রবি ও মঙ্গলবার খোলা থাকে। আর পশ্চিম ঘটখালী কমিউনিটি ক্লিনিকে কোনো কর্মী নেই। এটা বন্ধই থাকে।মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ অভিযোগ করেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে পরিবার পরিকল্পনা সহকারীরা ঠিকমতো সেবা দেন না, উপস্থিত থাকেন না। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই। অন্যদিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্বাস আলী বলেন, ‘পরিবার পরিকল্পনা সহকারীকে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণের মানুষ জোগাড় করতে বারবার যেতে হয়। সপ্তাহে দুই দিন টিকা কর্মসূচি চালাতে হয়। মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি যেতে হয়। তিনি যদি ক্লিনিকে বসে থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো কে করবেন?’এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা সহকারীর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার চাপ বেশি বলে ক্লিনিকে উপস্থিতি কম। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কাজ শুরু করলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কাজে সমন্বয় হবে।দলীয় সমর্থক প্রার্থীরাই যোগ্য: গত মাসে সরকার সব ক্লিনিকে একজন করে সিএইচসিপি নিয়োগ দিয়েছে। তাঁরা ছয় দিন ক্লিনিকে বসবেন। তাঁরা স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর কাজের সমন্বয় করবেন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, সিএইচসিপি পদে আওয়ামী লীগের সমর্থক প্রার্থীরা নিয়োগ পেয়েছেন।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ১৭ জন সিএইচসিপি পদে নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পরিবারের সদস্য। এর মধ্যে আছেন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য, ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক, ছাত্রলীগের কর্মী, উপজেলা ছাত্রলীগ নেতার ভাই, জেলা ছাত্রলীগ নেতার ভাই, উপজেলা আওয়ামী লীগ নেতার শ্যালক।রংপুরের পীরগাছা উপজেলায় সিএইচসিপি পদে ৩৬ জন নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে চারজন কান্দি ইউনিয়নের আওয়ামী লীগ নেতার মাধ্যমে চাকরি পেয়েছেন বলে অভিযোগ আছে। আটজন একাধিক ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মেয়ে। উপজেলা আওয়ামী লীগ নেতার দুই শ্যালিকাও এই তালিকায় আছেন। পাঁচজন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতার ছেলে। তিনজন আছেন আওয়ামী লীগ নেতার স্ত্রী। দুজন আছেন ভাতিজি।বরগুনার আমতলী উপজেলায় ৩৬টি পদের মধ্যে দুটি পদে নিয়োগ পেয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পরিবারের সদস্য। একজন বরগুনা সিভিল সার্জনের আত্মীয়। বাকি ৩৩ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পরিবারের সদস্য-আত্মীয়। খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়োগ পেয়েছেন ৩৬ জন। এর মধ্যে ২৭ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পরিবারগুলোর সদস্য-আত্মীয়।নিয়োগের ব্যাপারে মন্ত্রী রুহুল হক বলেন, অনেক জায়গায় বিএনপি বা জামায়াতের প্রার্থীরাও নিয়োগ পেয়েছেন। যাঁরা পরীক্ষায় ভালো করেছেন, তাঁরাই নিয়োগ পেয়েছেন।প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, চাকরির জন্য আওয়ামী লীগ-সমর্থকদের প্রচণ্ড চাপ ছিল। বিভিন্ন এলাকার একাধিক সাংসদ মহাখালীর প্রকল্প কার্যালয়ে এসে তদবির করেছেন, চাপ দিয়েছেন তাঁদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার জন্য। দুজন সাংসদ তাঁদের এলাকায় কীভাবে বিএনপির লোক নিয়োগ পেলেন, তা জানতে চেয়েছেন।সরকার এই বছরের শুরুর দিকে সিএইচসিপি পদে নিয়োগের বিজ্ঞাপন দেয়। দুই লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। এপ্রিল মাসে লিখিত পরীক্ষা হয়। জুন মাস থেকে দেড় মাস ধরে মৌখিক পরীক্ষা হয় বিভিন্ন জেলায়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১২ হাজার ৭০০ জন গত মাসে কাজে যোগ দেন। মুক্তিযোদ্ধাদের সন্তানদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষে বাকি পদে নিয়োগ দেওয়া হবে। ওই পদগুলো মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্দ। রাস্তা নেই: স্থানীয় মানুষের দান করা জমিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে সরকার। অধিকাংশ ক্লিনিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ধানের জমিতে, খালের পাড়ে, নিচু জমিতে ক্লিনিক হয়েছে।সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ২০০৯ সালে কমিউনিটি ক্লিনিকের পরিস্থিতি মূল্যায়ন করে। ‘র‌্যাপিড অ্যাসেসমেন্ট অব কমিউনিটি ক্লিনিক’ শিরোনামের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে নিচু জমিতে ও যাতায়াতের অযোগ্য জায়গায় বহু ক্লিনিক তৈরি হয়। এ কারণে এগুলো সহজে ক্ষতিগ্রস্ত হয়।মহেশখালী পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকে যাওয়ার রাস্তা নেই। তাহিরপুরের দক্ষিণকুল কমিউনিটি ক্লিনিকে বর্ষায় পানি ঠেলে যেতে হয়। তাহিরপুরের অধিকাংশ ক্লিনিকে যাওয়ার রাস্তা নেই।সমন্বয় নেই, আছে দ্বন্দ্ব: মন্ত্রণালয়ের ৩২টি প্রকল্পের মধ্যে সাতটি বাস্তবায়ন করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ২৪টি স্বাস্থ্য অধিদপ্তর। শুধু কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি সরাসরি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এটাকে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা অস্বাভাবিক বলেছেন।এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বলে সরাসরি মন্ত্রণালয় থেকে দেখা হচ্ছে।কমিউনিটি ক্লিনিকগুলো কার্যকর করার জন্য মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর কাজের সমন্বয়ের কথা বলা হলেও প্রথম আলোর অনুসন্ধানে তা দেখা যায়নি। মহেশখালীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেছেন, পরিবার পরিকল্পনা সহকারীরা নিয়মিত ক্লিনিকে উপস্থিত হন না, এটা জানা থাকলেও তাঁর কিছু করার নেই।জানা গেছে, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীরা পৃথক প্রতিবেদন তৈরি করেন। প্রথমজনের প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে এবং অন্যজনের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যায়।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এম এ সবুর বলেন, প্রকল্পে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাধান্য স্পষ্ট। ওষুধ বিতরণেরে দায়িত্ব শুধু স্বাস্থ্য সহকারীর। এখানে পরিবার পরিকল্পনা সহকারীর কর্তৃত্ব নেই। তিনি বলেন, প্রতিটি ক্লিনিকে একজন করে ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপি’ নিয়োগ দিচ্ছে সরকার। এই পদটি দুই সহকারীর ওপরে। কিন্তু নিয়োগটি হচ্ছে সিভিল সার্জন তথা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। এসব কারণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা প্রকল্পটিকে নিজেদের মনে করেন না।জনস্বাস্থ্য সমস্যা: বর্তমানে কমিউনিটি ক্লিনিকে ২৮ ধরনের ওষুধ পাঠাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে এন্টিবায়োটিকও আছে। স্বাস্থ্য সহকারীরা এসব ওষুধ রোগীদের দিচ্ছেন।উদ্যোগটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অ্যাক্টের পরিপন্থী। আইনে বলা আছে, বিএমডিসিতে নিবন্ধিত নন এমন কেউ অ্যালোপ্যাথি চিকি ৎ সা করতে পারবেন না। করলে তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।এম এ সবুর বলেন, এখানে সমস্যা দুই ধরনের। প্রথমত, সরকার নিজে আইন ভাঙছে। অন্যদিকে এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের আশঙ্কা তৈরি হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেন, এত চুলচেরা বিশ্লেষণের আসলে কিছু নেই। গ্রাম বা শহরের অনেক মানুষ ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ কেনে সেবন করে। আর কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ওষুধ দিচ্ছেন। তবে বিএমডিসি আইন যেন লঙ্ঘন না হয়, সেটাই সরকার করবে।এসব ব্যাপারে প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রথম আলোকে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকের ধারণাটি এ দেশে নতুন। চালু করার প্রাথমিক পর্যায়ে কিছু ভুলত্রুটি থাকতে পারে। তবে এলাকার মানুষ আগ্রহী হলে ক্লিনিক ভালো কাজ করবে। তিনি জানান, সিএইচসিপিরা পুরোদমে কাজ শুরু করলে প্রতিটি ক্লিনিক ছয় দিন খোলা থাকবে। মাঠকর্মীদের কাজের জবাবদিহিও বাড়বে। জরিপের তথ্য: স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন ১০টি বেসরকারি সংস্থার মোর্চা হেলথ নেটওয়ার্ক দেশের ১৮ উপজেলার ৫৪টি ক্লিনিকের ওপর একটি জরিপ করেছে। জরিপ তথ্যে বলা হয়েছে, সেবাদানকারীদের অনুপস্থিতির কারণে অধিকাংশ ক্লিনিক বিধিমতো কাজ করছে না। এসব ক্লিনিকে জবাবদিহির কোনো বালাই নেই। এই জরিপ চলার সময় অনেক ক্লিনিক বন্ধ পাওয়া যায়। এসব ক্লিনিকে যথাযথ নজরদারির ব্যবস্থা নেই। কিছু ক্ষেত্রে গ্রামবাসী অভিযোগ করেছেন, ওষুধের জন্য অর্থ দিতে হয়। ওই টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় ক্লিনিক ব্যবস্থাপনার কথা বলে।এ বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে জরিপ করা হয়। জরিপে দেখা গেছে, ক্লিনিকগুলোতে প্রতিবন্ধী ও বয়স্কদের সেবার কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারীদের মধ্যে যাঁরা ক্লিনিকে আসেন, তাঁরাও সময় মানেন না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারীর সঙ্গে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা ও সমন্বয় খুবই দুর্বল। ক্লিনিকগুলো পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণ বা ভূমিকা চোখে পড়ে না।[এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমতলী থেকে খায়রুল বাসার, ডুমুরিয়া থেকে কাজী আবদুল্লাহ, তাহিরপুর থেকে গোলাম সরোয়ার ও পীরগাছা থেকে মকবুল হোসেন।]