চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ছুটির দিন এবং একটি নীল নকশা। নাটকটি লিখেছেন রাজিবুল ইসলাম এবং পরিচালক গোলাম সোহরাব। এতে অভিনয় করছেন রোমানা। কথা হলো তাঁর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?তা একটু বলতে পারেন। ঈদের নাটকের কাজ করছি। খুব চাপ। প্রতিদিনই শুটিং থাকছে, সকাল থেকে রাত পর্যন্ত। দুপুরের খাবারের জন্য কিছুক্ষণের বিরতি পাওয়া গেছে। তারই মাঝে কথা বলতে পারছি। আপনি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।আমি পুরস্কার পাব, ভাবতেই পারিনি। এটা আমার জন্য অনেক বড় সম্মান। স্বীকৃতি তো বটেই। ছবির নাম ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। নায়ক ছিলেন শাকিব খান। আমি পেয়েছি শ্রেষ্ঠ সহশিল্পীর পুরস্কার। সবচেয়ে বেশি খুশি হয়েছেন বাবা-মা আর আমার স্বামী। বন্ধুরাও খুশি হয়েছে। পুরস্কার পেলে যা হয়, দায়িত্বটা বেড়ে গেছে অনেক গুণ। এখন আর হুটহাট করে ছবি হাতে নিতে পারছি না। একটু দেখেশুনে, বুঝে তারপর চূড়ান্ত করছি। সামনে নিশ্চয়ই কিছু ভালো ছবিতে কাজ করবেন।আমাদের এখানে বেশির ভাগ ছবি তৈরির পেছনেই বাণিজ্যিক ভাবনাটা কাজ করে। তার পরও ভালো ছবিতে অভিনয়ের খুব ইচ্ছা আছে, দেখি। ইদানীং কোন ছবিগুলোর কাজ করছেন?সম্প্রতি শেষ করেছি বদিউল আলম পরিচালিত বুক ফাটে তো মুখ ফোটে না। অর্ধেক কাজ হয়ে আছে কাছের শত্রু ও স্বামীভাগ্য ছবি দুটির। সামনেই শুরু করব মনতাজুর রহমান আকবরের সবুজ কেন অপরাধী ছবির কাজ। আজ ‘ছুটির দিন এবং একটি নীল নকশা’ নাটকটি দেখানো হবে।অনেক দিন আগে কাজ করেছিলাম। বেশির ভাগ কাজ হয়েছিল দেশের বাইরে, ব্যাংককে। ঢাকায় হয়েছিল অল্প। তিনজন বৃদ্ধকে জীবনের শেষ দিনগুলোতে আনন্দ দেওয়ার পরিকল্পনা করে কয়েকজন যুবক। একটি বৃদ্ধনিবাস থেকে তাঁদের বিদেশে ঘুরতে নিয়ে যায়। কিন্তু এর পেছনে থাকে এই তিন বৃদ্ধের স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল করার চক্রান্ত। একটু অন্য রকম গল্প। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।