ভালো থেকো মেলা
একুশে বইমেলা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে প্রায় প্রতিবছরই মেলায় গিয়েছি। দুই বছর ধরে অসুস্থতার জন্য যেতে পারি না। থাকি মফস্বলে, নেত্রকোনায়। এখানে বসে বইমেলার খবর লোকমুখে শোনা বা পত্রিকায় পড়াটাই ভরসা। বইমেলার কথা উঠলে সবার আগে চিত্তরঞ্জন সাহার কথা মনে পড়ে। তিনিই বইমেলার প্রথম উদ্যোগটা গ্রহণ করেন। তাঁর প্রবর্তনাতেই বাংলা একাডেমীতে আজ এত বড় মেলা প্রতিষ্ঠিত হয়েছে।বাংলা একাডেমীতে স্থান সংকুলান হয় না—এ রকম বিবেচনায় মেলা অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলছেন অনেকে। এই মতের বিরোধী পক্ষও আছে। বাংলা একাডেমীকে ঘিরে একুশে বইমেলা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্য বজায় থাকাটাই বোধ হয় ভালো। বাংলা একাডেমীর রাস্তাকে ঘিরে বইমেলা আরও প্রশস্ত করে নেওয়া যায়।শুধু ঢাকাতেই বছরে একবার জমকালো মেলা হবে, আর সারা দেশে বই নিয়ে ছোটখাটো উৎ সবও হবে না, এটা কাম্য নয়। জেলা শহরগুলোতে তো বটেই, অনেক উপজেলাতেও মেলা ছড়িয়ে দেওয়া দরকার। ঢাকা থেকে যেসব বই বেরোচ্ছে, সেসব বই মফস্বলের পাঠকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। অনেকে বলেন, মফস্বলে বইপত্র চলে না, মফস্বলে পাঠক নেই ইত্যাদি। কথাটা কি ঠিক? বই পাঠকদের হাতে আগে তো পৌঁছাতে হবে। পাঠক তৈরি করতে হবে। এ ক্ষেত্রে প্রকাশকদের বিরাট ভূমিকা আছে। প্রকাশকেরা চাইলে দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করতে পারেন। তাঁরা সম্মিলিতভাবে মেলা আয়োজন করতে পারলে সেটা খুবই কার্যকর হবে। আদর্শের কথা যদি বলি: সমবেতভাবে দেশের বিভিন্ন স্থানে মেলার মাধ্যমে বই ছড়িয়ে দেওয়ার কাজটা প্রকাশকেরা করতে পারলে সেটা বিশাল মঙ্গলের কাজ হয়। গুণী লেখকদের মফস্বলে নিমন্ত্রণ করা গেলে পাঠক ও লেখকের সম্পর্ক দেশজুড়ে গড়ে উঠবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের দায়িত্ব বইকে পাঠকের কাছে পৌঁছানো। সেই দায়িত্ব কি তারা সঠিকভাবে পালন করছে? মফস্বলে পাঠক গড়ে তুলতে তাদের উদ্যোগী হওয়া উচিত বলে মনে করি।দুই বছর হলো মেলায় যেতে পারছি না। এ জন্য খুবই যন্ত্রণা ভোগ করি। আগে যখন মেলায় যেতাম, অনেক লেখক ও পাঠকের সঙ্গে দেখা হতো। বই নিয়ে কথাবার্তা বলতাম। এখন সেটা করতে পারি না; বিশেষ করে, হুমায়ুন আজাদের কথা মনে পড়ে। তিনি যখন বেঁচে ছিলেন, প্রতিবছর তাঁর সঙ্গে আড্ডা হতো। বইমেলায় নিয়মিত দেখা হতো। বইমেলাকে উপলক্ষ করে হুমায়ুন আজাদের মৃত্যু ত্বরান্বিত হয়েছে, এটা যখন ভাবি তখন অন্তরজুড়ে একটা বিষাদ, শুধু বিষাদ বলব কেন—একটা ক্রোধও নেমে আসে।